রাতদিন ওয়েবডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল গুগল। ব্যবহারকারীর সঙ্গে এআই-এর সম্পর্ককে আরও ব্যক্তিগত ও কার্যকর করে তুলতেই জেমিনি এআই-এ নতুন ফিচার আনল সংস্থাটি। এই নতুন ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’। গুগলের দাবি, এই প্রযুক্তির মাধ্যমে জেমিনি আর শুধু প্রশ্নের উত্তর দেওয়া চ্যাটবট থাকবে না, বরং ব্যবহারকারীর দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।
এই মুহূর্তে আমেরিকায় গুগল এআই প্রো এবং আল্ট্রা সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হয়েছে। তবে সংস্থা জানিয়েছে, খুব শিগগিরই ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশেও এই আপডেট পৌঁছে যাবে।নতুন সংস্করণে ব্যবহারকারী চাইলে নিজের জি-মেল, গুগল ফটোজ, ইউটিউব এবং সার্চ হিস্ট্রির মতো বিভিন্ন গুগল অ্যাকাউন্ট জেমিনির সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে চ্যাটবট ব্যবহারকারীর অভ্যাস, রুচি ও প্রয়োজন সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে। যেমন ইনবক্সে থাকা ফ্লাইট বা হোটেল বুকিংয়ের তথ্য দেখে সম্পূর্ণ ভ্রমণসূচি তৈরি করে দেওয়া, গ্যালারিতে থাকা ছবির ভিত্তিতে পরামর্শ দেওয়া কিংবা আগের দিনের কাজ ও শরীরচর্চার অভ্যাস বিচার করে স্বাস্থ্য সংক্রান্ত রুটিন সাজিয়ে দেওয়া সবই করতে পারবে জেমিনি।তবে ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগও রয়েছে। সেই আশঙ্কা দূর করতে গুগল জানিয়েছে, ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। ব্যবহারকারী নিজে সম্মতি দিলেই এটি সক্রিয় হবে। কোন অ্যাপ বা ডেটার অ্যাক্সেস জেমিনি পাবে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই।প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে গুগল মূলত অ্যাপলের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে চাইছে। জেমিনিকে একটি সাধারণ সার্চ টুলের গণ্ডি থেকে বের করে ব্যক্তিগত ডিজিটাল সহকারী হিসেবে প্রতিষ্ঠা করাই এখন গুগলের মূল লক্ষ্য।

