Type Here to Get Search Results !

India Won : বৈভবের বিশ্বরেকর্ড ও ভারতের জয়! যুব বিশ্বকাপে বাংলাদেশের হার

রাতদিন ওয়েবডেস্ক : ​মাঠের লড়াই কিংবা রাজনীতির আবহ,প্রেক্ষাপট যাই হোক না কেন, বাইশ গজের দ্বৈরথে আরও একবার বাংলাদেশের ওপর ভারতের আধিপত্য বজায় থাকল। দুই দেশের কূটনৈতিক উত্তেজনার আঁচ ক্রিকেটের আঙিনাতেও স্পষ্ট ছিল, যেখানে ম্যাচ শেষে ক্রিকেটারদের সৌজন্যমূলক করমর্দন না করার বিষয়টি নতুন বিতর্ক তৈরি করেছে।

তবে এই গুমোট পরিস্থিতির মাঝেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ১৮ রানে জয় ছিনিয়ে নিল বৈভব সূর্যবংশীর ভারত। বৃষ্টির কারণে ম্যাচের গতিপ্রকৃতি বদলে গেলেও ওপার বাংলার ক্রিকেটাররা ভারতের দেওয়া লক্ষ্যমাত্রা স্পর্শ করতে ব্যর্থ হয়।এদিন ভারতের জয়ের প্রধান নায়ক ছিলেন ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে ৬৭ বলে ৭২ রানের এক ঝোড়ো ইনিংস খেলে তিনি দলের ভিত মজবুত করার পাশাপাশি কিংবদন্তি বিরাট কোহলির এক বড় রেকর্ড ভেঙে চুরমার করে দেন। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলিকে টপকে এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছেন বৈভব। তাঁর পাশাপাশি অভিজ্ঞান কুণ্ডুর ব্যাট থেকে আসা মূল্যবান ৮০ রানের ওপর ভর করে ভারত স্কোরবোর্ডে ২৩৮ রান তোলে।​রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মাঝপথে আসা বৃষ্টি তাদের হারের পথ প্রশস্ত করে দেয়। বৃষ্টির পর বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। সেই রান তাড়া করতে গিয়ে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খেই হারিয়ে ফেলে বাংলাদেশের মিডল অর্ডার। শেষ পর্যন্ত ১৪৬ রানেই থমকে যায় তাদের ইনিংস। বর্তমান রাজনৈতিক ও ক্রিকেটীয় প্রেক্ষাপটে ভারতের এই জয় যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই বৈভবের রেকর্ড গড়া ফর্ম আগামীর বড় বার্তা দিয়ে রাখল।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad