রাতদিন ওয়েবডেস্ক : কলকাতা পুরসভার তরফে চুক্তিভিত্তিক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরসভার বিভিন্ন স্বাস্থ্য বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। সম্প্রতি কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিসিন, কার্ডিয়োলজি, রেডিয়োলজি-সহ মোট ৮টি বিভাগে বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৭৭টি। সমস্ত নিয়োগই হবে চুক্তির ভিত্তিতে। নির্বাচিত প্রার্থীদের সপ্তাহে দু’দিন করে কাজ করতে হবে, প্রতিদিন কাজের সময় হবে তিন ঘণ্টা। এর বিনিময়ে প্রতিদিন ৩,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৬৭ বছর নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগের জন্য প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষা নেই। সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নির্ধারিত দিনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে প্রার্থীদের।আবেদনপত্র বিজ্ঞপ্তির সঙ্গেই দেওয়া রয়েছে। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি, বিভাগভিত্তিক শূন্যপদের সংখ্যা, প্রয়োজনীয় নথির তালিকা-সহ সমস্ত বিস্তারিত তথ্য জানতে কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এই নিয়োগের মাধ্যমে কলকাতা পুরসভার স্বাস্থ্য পরিষেবাকে আরও মজবুত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

