Type Here to Get Search Results !

Yashasvi Jaiswal : টি-টোয়েন্টি দলে সুযোগ নেই, তবু রঞ্জিতে খেলবেন না যশস্বী—বাকি মরসুমে মুম্বইকে ছাড়লেন জয়সওয়াল

রাতদিন ওয়েবডেস্ক : রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ পর্যায়ে এসে বড় ধাক্কা খেল মুম্বই দল। এলিট গ্রুপ ডি-তে এখনও দু’টি ম্যাচ বাকি থাকলেও সেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে যশস্বী জয়সওয়ালকে পাওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা (এমসিএ)। এর আগে অজিঙ্ক রাহানের না খেলার খবর মিলেছিল। এ বার সেই তালিকায় যোগ হল যশস্বীর নাম।

চলতি মরসুমে যশস্বী শেষবার রঞ্জি খেলেছিলেন ১ থেকে ৪ নভেম্বর, রাজস্থানের বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৬৭ এবং দ্বিতীয় ইনিংসে দুরন্ত ১৫৬ রান করেছিলেন তিনি। তারপর আর ঘরোয়া ক্রিকেটে নামেননি। আগামী ২২ জানুয়ারি হায়দরাবাদের বিরুদ্ধে এবং ২৯ জানুয়ারি দিল্লির বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মুম্বই। এই দুই ম্যাচেই যশস্বীকে দলে পাওয়া যাবে না।সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক বিবৃতিতে মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা জানান, রঞ্জির বাকি দুই ম্যাচে অজিঙ্ক রাহানে ও যশস্বী জয়সওয়াল দু’জনকেই পাওয়া যাবে না। রাহানে ব্যক্তিগত কারণে খেলবেন না বলে জানানো হলেও, যশস্বীর অনুপস্থিতির কারণ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি সংস্থার ওই আধিকারিক।এই পরিস্থিতি মুম্বই শিবিরের জন্য উদ্বেগের। আপাতত গ্রুপ ডি-র শীর্ষে থাকলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছতে হলে শেষ দু’টি ম্যাচের অন্তত একটি জেতা প্রয়োজন। ফলে প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে দুই অভিজ্ঞ ব্যাটারকে না পাওয়া ৪২ বারের রঞ্জি চ্যাম্পিয়নদের জন্য বড় চ্যালেঞ্জ।জাতীয় দলের প্রসঙ্গেও যশস্বীর পরিস্থিতি অনিশ্চিত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে থাকলেও প্রথম দু’টি ম্যাচে সুযোগ পাননি তিনি। রবিবার ইনদওরে শেষ ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। টি-টোয়েন্টি সিরিজ় বা আসন্ন বিশ্বকাপের দলে তাঁর নাম নেই। ফলে আইপিএলের আগে মাঠে নামার সুযোগ ছিল রঞ্জিতেই।ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অনুযায়ী, জাতীয় দলে ব্যস্ততা না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলাই নিয়ম। সেই সুযোগ থাকা সত্ত্বেও যশস্বী কেন রঞ্জিতে নামছেন না, তা নিয়ে এখনও রহস্য বজায় রয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad