রাতদিন ওয়েবডেস্ক : ১৮ জানুয়ারি, ২০২৬ ভারতসহ বিশ্বের একাধিক দেশে ফের ব্যাহত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’এর পরিষেবা। গত চার দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বড়সড় যান্ত্রিক বিভ্রাটের মুখে পড়ল ইলন মাস্কের এই সংস্থা।
শুক্রবার রাত থেকেই গ্রাহকরা সমস্যার সম্মুখীন হতে শুরু করেন যার ফলে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাত ৮টা নাগাদ হঠাৎ করেই অনেক ইউজার দেখতে পান তাদের টাইমলাইন লোড হচ্ছে না। শুধু ভারত নয়, আমেরিকা, ব্রিটেন এবং কানাডার ইউজাররাও একই সমস্যার কথা জানিয়েছেন। বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর এর তথ্যমতে রাত ৮:৫০ নাগাদ এই সমস্যার অভিযোগ এক লাফে কয়েক হাজারে পৌঁছে যায়। মূলত মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট উভয় মাধ্যমেই ইউজাররা ইন্টারনাল সার্ভার এরর মেসেজ দেখতে পান। ইউজাররা নতুন কোনো পোস্ট করতে পারছিলেন না। ডিরেক্ট মেসেজিং ফিচার কাজ করছিল না। অনেকের ক্ষেত্রে হোম ফিডে পুরনো পোস্ট দেখা যাচ্ছিল নতুন কোনো আপডেট আসছিল না।
এই বিভ্রাটের কারণ সম্পর্কে এক্স কর্তৃপক্ষের তরফে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে অনেক ক্ষেত্রে ক্লাউডফেয়ার নেটওয়ার্কে অভ্যন্তরীণ ত্রুটি লক্ষ্য করা গেছে। ক্লাউডফেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে। উল্লেখ্য এর কয়েক দিন আগেই মাস্ক ঘোষণা করেছিলেন যে স্বচ্ছতা বজায় রাখতে সাইটের নিউজ ফিড এবং বিজ্ঞাপনের জন্য অ্যালগরিদমিক কোড তারা প্রকাশ করবেন। সেই ঘোষণার কয়েক দিনের মধ্যেই এমন বিভ্রাট প্ল্যাটফর্মটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল। এর আগে গত মে মাসেও বড় ধরনের সাইবার হামলার কারণে কয়েক ঘণ্টা বন্ধ ছিল এই পরিষেবা।

