রাতদিন ওয়েবডেস্ক : ছোটদের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হারলেও তার চেয়েও বেশি আলোচনার কেন্দ্রে উঠে এল পাকিস্তানের ১১ নম্বর ব্যাটার আলি রাজ়ার অদ্ভুত রান আউট। ম্যাচের শেষ মুহূর্তে এমন ভাবে আউট হন তিনি, যা দেখে ক্রিকেটপ্রেমীদের একাংশের মধ্যে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে।শুক্রবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৪৬.৫ ওভারে ২১০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৬.৩ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায়। ফলে ৩৭ রানে জয় পায় ইংল্যান্ড। তবে ম্যাচের ফলের থেকেও বেশি চর্চায় এসেছে পাকিস্তানের শেষ ব্যাটার আলি রাজ়ার আউট হওয়ার ধরন।ঘটনাটি ঘটে ইনিংসের শেষ বলে। ইংল্যান্ডের ম্যানি লুমসডেনের ওভারের তৃতীয় বলে এক রান নেন পাকিস্তানের মোমিন কামার। সেই সময়ই ফিল্ডার বেন মায়েস দ্রুত বল তুলে উইকেটরক্ষক থমাস রিউয়ের দিকে ছুড়ে দেন। দ্বিতীয় রান নেওয়ার কোনও সুযোগই ছিল না। তবু আচমকাই স্ট্রাইকার প্রান্তে থাকা আলি রাজ়া ক্রিজ়ের বাইরে চলে যান।
বল উইকেটরক্ষকের হাতে পৌঁছতে দেখেও তিনি কয়েক কদম বাইরে দাঁড়িয়ে থাকেন। শেষ মুহূর্তে ক্রিজ়ে ফেরার চেষ্টা করলেও ততক্ষণে উইকেট ভেঙে দেন রিউ। অকারণে রান আউট হয়ে যান রাজ়া।মাত্র তিন বল খেলে এক রান করেই ইনিংস শেষ হয় পাকিস্তানের এই পেসারের। হারের মুখে দাঁড়িয়ে কোনও প্রতিরোধ গড়ার চেষ্টা না করে এমন ভাবে আউট হওয়ায় রহস্য ঘনীভূত হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত অভিজ্ঞ মঞ্চে এ রকম ভুল কীভাবে সম্ভব।ম্যাচে ইংল্যান্ডের হয়ে ক্যালেব ফ্যালকোনর ৭৩ বলে ৬৬ রান করেন। ওপেনার বেন ডকিন্স করেন ৩৩ রান। পাকিস্তানের হয়ে বল হাতে আহমেদ হোসেন নেন ৩ উইকেট। ব্যাট হাতে অধিনায়ক ফারহান ইউসুফ ৬৫ রান করে কিছুটা লড়াই দেখালেও শেষ পর্যন্ত হার এড়ানো যায়নি।
