রাতদিন ওয়েবডেস্ক : টেলিভিশনের পর্দায় পথচলা শুরু করেই দর্শকদের নজর কেড়েছিল ঐতিহাসিক ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রানি ভবানী'। টিআরপি তালিকায় সাফল্যের স্বাদ পেলেও আচমকাই এল মন খারাপের খবর।
শুরু হওয়ার মাত্র ছয় মাসের মাথাতেই ইতি টানছে এই মেগা। নাটোর রাজবংশের ইতিহাস এবং রানি ভবানীর বীরগাথা নিয়ে তৈরি এই ধারাবাহিকের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।সূত্র অনুযায়ী, গত বৃহস্পতিবারই সেটে শেষ দিনের শুটিং সেরে ফেলেছেন কলাকুশলীরা। তবে শুটিং শেষ হলেও টেলিভিশনের পর্দায় সম্প্রচার এখনই বন্ধ হচ্ছে না। দর্শকদের জন্য শেষ পর্বে থাকছে বড়সড় চমক। রানি ভবানীর সাম্রাজ্যের এক অজানা বা বিশেষ কোনো দিক ফুটিয়ে তোলা হবে অন্তিম পর্বে। যদিও সেই শেষ পর্বটি ঠিক কবে সম্প্রচারিত হবে, তা নিয়ে এখনও রহস্য বজায় রেখেছে প্রযোজনা সংস্থা।
ইন্দ্রাণী দত্তের কন্যা রাজনন্দিনী পালের অভিনয় জীবনের প্রথম ধারাবাহিক ছিল এটি। ওটিটি বা সিনেমায় আগে দেখা গেলেও ছোট পর্দায় রানি ভবানীর চরিত্র দিয়েই তাঁর অভিষেক ঘটেছিল। সায়ন বসুর সঙ্গে তাঁর পর্দার রসায়ন এবং মানসী সেনগুপ্ত, অরিজিতা মুখোপাধ্যায় ও রাজদীপ গুপ্তর মতো দক্ষ অভিনেতাদের অভিনয় এই ধারাবাহিককে এক আলাদা উচ্চতা দিয়েছিল। রানি ভবানীর জন্ম, অস্ত্রশিক্ষা থেকে শুরু করে নাটোর রাজবাড়ির অন্দরের ষড়যন্ত্র, সবটাই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছয় মাসে। প্রিয় ধারাবাহিকের এমন আচমকা বিদায়ে স্বাভাবিকভাবেই মন খারাপ অনুরাগীদের।

