রাতদিন ওয়েবডেস্ক : গোয়ায় পরপর দুই রুশ মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাম এক, বয়সও এক দু’জনেরই নাম এলিনা এবং বয়স ৩৭ বছর। পৃথক দু’টি এলাকা থেকে তাঁদের দেহ উদ্ধার হওয়ায় শুরু থেকেই রহস্য ঘনীভূত হয়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দুই হত্যার ধরন প্রায় একই। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে এক রুশ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আলেক্সেই লিওনভ। তিনিও রুশ নাগরিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর গোয়ার দু’টি আলাদা জায়গা থেকে দেহ দুটি উদ্ধার হয়। প্রথম দেহটি পাওয়া যায় পেরনেম এলাকা থেকে। ওই মহিলার গলার নলি কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ। পরদিন আরাম্বল থেকে উদ্ধার হয় দ্বিতীয় দেহটি। তাঁর ক্ষেত্রেও একই ভাবে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে প্রাথমিক ময়নাতদন্তে উঠে এসেছে। খুনের ধরনে মিল থাকায় তদন্তকারীদের সন্দেহ আরও জোরালো হয় যে, দু’টি হত্যার পিছনে একই ব্যক্তি জড়িত।তদন্তে পুলিশ জানতে পারে, নিহত দুই মহিলার পুরো নাম এলিনা কাস্থানোভা ও এলিনা ভানিভা। বুধবার রাতে ভানিভাকে খুন করা হয় বলে অনুমান পুলিশের।
তিনি মোরজিম এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। আলেক্সেই লিওনভ ছিলেন তাঁর লিভ-ইন সঙ্গী। তদন্তকারী আধিকারিকদের দাবি, ভানিভার গলা, ঘাড় এবং শরীরের বিভিন্ন অংশে গভীর আঘাতের চিহ্ন মিলেছে, যা থেকে স্পষ্ট যে তাঁকে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছে।খুনের প্রায় ৪০ ঘণ্টা পরে শুক্রবার সন্ধ্যায় ভানিভার দেহ উদ্ধার হয়। তবে কাস্থানোভার মৃত্যুর সূত্র ধরেই ভানিভার খোঁজ পায় পুলিশ।
দুই ঘটনার মধ্যে যোগসূত্র মিলতেই লিওনভকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জেরায় অসঙ্গতি ধরা পড়ায় শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। পাশাপাশি খুনের নেপথ্যে ব্যক্তিগত সম্পর্কজনিত কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনায় গোয়ায় বসবাসকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

