রাতদিন ওয়েবডেস্ক : বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসি নির্বাচনে দীর্ঘ ২৫ বছরের আধিপত্য হারিয়ে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল ঠাকরে পরিবার। ১৯৯৭ সাল থেকে অবিভক্ত শিবসেনার দখলে থাকা এই দুর্গে এবার জয়ধ্বজা ওড়ালো বিজেপি এবং একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা জোট।
মোট ২২৭টি আসনের মধ্যে এই জোট ১১৮টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যার মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮৯টি আসন এবং শিন্দের শিবসেনা জয়ী হয়েছে ২৯টি আসনে। অন্যদিকে, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটি মাত্র ৬৫টি আসনে থমকে গেছে। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এমএনএস ও শরদ পওয়ারের এনসিপি এসপির সঙ্গে জোট বেঁধেও তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৭২ এ, যেখানে এমএনএস ৬টি এবং শরদ পওয়ারের দল মাত্র ১টি আসনে জয়ী হয়েছে।
এছাড়া কংগ্রেস ২৪টি, এআইএমআইএম ৮টি, অজিত পওয়ারের এনসিপি ৩টি এবং সমাজবাদী পার্টি ২টি আসনে জয়লাভ করেছে। ২০১৭ সালের পর দীর্ঘ বিরতি শেষে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বিএমসি-র প্রশাসনিক নিয়ন্ত্রণ এবার সরাসরি বিজেপি শিন্দে জোটের হাতে গেল। এদিকে পুরভোটের এই আবহে মহারাষ্ট্রের ২৯টি পুরসভার ভোটগণনা চলাকালীন ছত্রপতি সম্ভাজিনগরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে একটি গণনা কেন্দ্রে পুলিশের লাঠিচার্জে আহত হন প্রাক্তন মেয়র তথা শিবসেনা নেতা বিকাশ জৈন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন রাজ্যের মন্ত্রী সঞ্জয় শিরসাত। দীর্ঘ আড়াই দশক পর মুম্বইয়ের মসনদ থেকে ঠাকরে শিবিরের এই বিদায় মহারাষ্ট্রের রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
