রাতদিন ওয়েবডেস্ক : চন্দননগরের ছেলে প্রবাহ নন্দী ছোটবেলা থেকেই নিজেকে গড়ে তুলেছিলেন এক নির্দিষ্ট লক্ষ্যে আকাশে ওড়ার স্বপ্ন। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী সেন্ট পলস স্কুলে পড়াশোনা করার সময় থেকেই পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। শুধু বইয়ের পাতায় নয়, খেলাধুলার মাঠেও সমান দক্ষ ছিলেন প্রবাহ। ফুটবল ও ক্রিকেট দু’টিতেই দাপট দেখিয়েছেন তিনি।
স্কুলের ক্রীড়া দলে ছিলেন অনুপ্রেরণার উৎস, এক কথায় পাক্কা মোটিভেটর। স্কুলজীবনে একাধিক রেকর্ডও তাঁর ঝুলিতে জমা পড়ে।পড়াশোনার পাশাপাশি পাইলট হওয়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিজেকে ধাপে ধাপে প্রস্তুত করেছিলেন প্রবাহ। সেই পরিশ্রমই আজ সফল। বর্তমানে তিনি এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার সঙ্গে যুক্ত একজন পাইলট। কেরিয়ারের শুরুর দিকটা কেটেছে মুম্বইয়ে, পরে কর্মসূত্রে ফিরেছেন কলকাতায়। শৃঙ্খলা, একাগ্রতা এবং কঠোর পরিশ্রম এই তিনের সমন্বয়ই তাঁর সাফল্যের মূল চাবিকাঠি।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এই মুহূর্তে অন্যতম আলোচিত নাম দেবলীনা নন্দী। গায়িকা, অভিনেত্রী ও ইউটিউবার হিসেবে জনপ্রিয় হলেও পড়াশোনার দিক থেকেও তিনি সমানভাবে কৃতী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন দেবলীনা, যা তাঁর লিঙ্কডইন প্রোফাইল থেকেই জানা যায়। পড়াশোনার পাশাপাশি তিনি শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্রসংগীতে দীর্ঘদিন তালিম নিয়েছেন।জোশ টকে দেবলীনা নিজেই জানিয়েছেন, অল্প বয়সেই তাঁকে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল।
বাবার অসুস্থতার কারণে ক্লাস এইট থেকেই সংসার সামলাতে শুরু করেন তিনি। প্রতিকূলতার মধ্যেও সংগীতচর্চা চালিয়ে গিয়েছেন অবিচল মনোভাবে। সেই সাধনা ও প্রশিক্ষণই আজ তাঁকে ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচিত মুখ করে তুলেছে। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং ও ডিজিটাল মার্কেটিংয়েও দক্ষ দেবলীনা।আকাশ ছোঁয়ার স্বপ্ন আর সুরের সাধনা দু’টি ভিন্ন পথ হলেও প্রবাহ ও দেবলিনার সাফল্যের গল্পে মিল একটাই অদম্য পরিশ্রম আর অটুট লক্ষ্য।
