রাতদিন ওয়েবডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও নির্ণায়ক ওয়ানডে ম্যাচের আগে উজ্জয়িনীর বিখ্যাত শ্রী মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন বিরাট কোহলি। একসময় পূজাপাঠের প্রতি অনীহা প্রকাশ করলেও, সাম্প্রতিক সময়ে কোহলির আধ্যাত্মিক রূপ বারবার প্রকাশ্যে এসেছে।
ইন্দোরে মাঠে নামার আগে কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে মন্দিরের ভস্মারতিতে অংশ নেন তিনি। শিপ্রা নদীর তীরে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গে দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে কোহলির কণ্ঠে শোনা যায় ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি।মন্দিরের পবিত্র পরিবেশে দুই ক্রিকেটারকে ভজনে অংশ নিতেও দেখা যায়। পরে তাঁরা মন্দিরের গর্ভগৃহে মাথানত করে প্রণাম জানান। বর্তমানে ভারত-নিউজিল্যান্ড সিরিজ ১-১ ফলাফলে দাঁড়িয়ে আছে, যার ফলে ইন্দোরের ম্যাচটিই সিরিজ জয়ের লড়াইয়ে পরিণত হয়েছে। প্রথম ম্যাচে সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরে আসা কোহলি এখন দারুণ ফর্মে আছেন, আর সিরিজ জয়ের জন্য তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে আছে দেশ।বিরাটের এই ঈশ্বরভক্তি এখন তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বিদেশের ব্যস্ত জীবন আর খেলার চাপের মাঝেও সুযোগ পেলেই তিনি ছুটে যান বিভিন্ন তীর্থস্থানে। এর আগে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর উপস্থিতির ছবি ভাইরাল হয়েছিল। এছাড়া ভাইজ্যাগের সিংহচলম মন্দিরেও পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে। জীবনের চড়াই-উতরাই পেরিয়ে কোহলি এখন বাইশ গজের লড়াইয়ের আগে ঈশ্বরের আশীর্বাদকেই অন্যতম শক্তি হিসেবে বেছে নিয়েছেন।

