রাতদিন ওয়েবডেস্ক : কলকাতা হাই কোর্টের ৪৪তম প্রধান বিচারপতি হিসেবে শুক্রবার শপথ গ্রহণ করলেন বিচারপতি সুজয় পাল। সকাল সাড়ে ১০টা নাগাদ রাজভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর হাতে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ হাই কোর্টের একাধিক বিচারপতি। পাশাপাশি রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা এবং হাই কোর্টের বরিষ্ঠ আইনজীবীরাও অনুষ্ঠানে যোগ দেন।শপথ গ্রহণের পর নিজের সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান বিচারপতি সুজয় পাল দেশের স্বাধীনতা আন্দোলনে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে এই রাজ্যের অবদান শুধু দেশবাসীর কাছেই নয়, বিচার ব্যবস্থার ইতিহাসেও বিশেষভাবে স্মরণীয়। একই সঙ্গে তিনি বিচারপতি রাসবিহারী বসু ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।
মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণকারী বিচারপতি সুজয় পাল রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে মধ্যপ্রদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন তিনি। দীর্ঘদিন আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার পর ২০১১ সালে মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরবর্তী সময়ে তেলাঙ্গানা হাই কোর্টে দায়িত্ব পালন করার পর ২০২৪ সালের জুলাই মাসে কলকাতা হাই কোর্টে বদলি হন। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন।এ দিন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়ে তিনি জানান, অ্যাডভোকেট জেনারেল একটি সাংবিধানিক পদ হওয়ায় আদালতের রীতি সংক্রান্ত একটি বিষয় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল সেই আবেদন বিবেচনার আশ্বাস দেন।
