রাতদিন ওয়েবডেস্ক : কলকাতা ও হাওড়ার সংযোগকারী অন্যতম প্রধান মাধ্যম বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুতে ফের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হতে চলেছে। নাগরিক নিরাপত্তার স্বার্থে এবং সেতুর পরিকাঠামো খতিয়ে দেখতে আগামী রবিবার অর্থাৎ ১৮ তারিখ এই সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।
শুক্রবার লালবাজারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে।আগামী রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত,মোট ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতু দিয়ে কোনো যানবাহন যাতায়াত করতে পারবে না। মূলত সেতুর স্টে-কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং মেরামতি বা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ কারিগরি কাজের জন্যই এই সাময়িক বিরতি নেওয়া হচ্ছে। কাজ শেষ হওয়ার পর দুপুর ১টার পর থেকে যান চলাচল ফের স্বাভাবিক হবে।যে সমস্ত গাড়ি এজেসি বোস রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠিয়ে দেওয়া হবে।
জেএন আইল্যান্ড থেকে আসা গাড়িগুলিকেও ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।এই ৮ ঘণ্টা সময়কালে কলকাতা থেকে হাওড়া যাওয়ার জন্য সব ধরনের যানবাহনকে হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে কেপি রোড ধরেও বিকল্প পথে যাতায়াত করা যাবে।রক্ষণাবেক্ষণের এই কাজের সময় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হবে যাতে শহরজুড়ে বড় ধরনের যানজট তৈরি না হয়। সাধারণ মানুষকে আগেভাগে পরিকল্পনা করে বাড়ি থেকে বেরোনোর অনুরোধ জানানো হয়েছে।
