রাতদিন ওয়েবডেস্ক : শহরের নামী যকৃৎ রোগ বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনযাত্রায় শপিং মল বা অনলাইন থেকে কেনা প্যাকেটবন্দি মাংস লিভারের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ‘বেঙ্গল লিভার সামিট’-এ চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন যে, ফ্রোজেন বা প্যাকেটজাত মাংস দীর্ঘক্ষণ তাজা রাখতে নাইট্রেট, নাইট্রাইট, সালফাইট এবং অতিরিক্ত লবণের মতো প্রিজারভেটিভ ব্যবহার করা হয়।
এই রাসায়নিকগুলো ধারাবাহিকভাবে শরীরে প্রবেশ করলে লিভারের কোষে চর্বি জমে এবং অপূরণীয় ক্ষতি হয়। সেই তুলনায় পাড়ার দোকানে টাটকা কাটা মুরগি বা পাঁঠার মাংস অনেক বেশি নিরাপদ। যদি একান্তই প্যাকেটজাত মাংস কিনতে হয়, তবে এক মাসের বেশি পুরনো প্যাকেট এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।লিভার সুস্থ রাখার সমাধান হিসেবে চিকিৎসকরা দুই হাজার বছরের প্রাচীন 'চরক সংহিতা'র গুরুত্বের কথা মনে করিয়ে দিয়েছেন। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, শরীরের অধিকাংশ রোগের উৎস হলো এই যকৃৎ। লিভারে মেদ জমলে তা শরীরে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয়, যা থেকে হৃদরোগ বা মস্তিষ্কের সমস্যা দেখা দিতে পারে। তাই যকৃৎ সুস্থ রাখতে ওজন নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, সুস্থ থাকতে ৫ ফুট উচ্চতার পুরুষের ওজন ৫০ কেজি এবং মহিলার ওজন ৪৫ কেজির আশেপাশে রাখা বাঞ্ছনীয়। অতিরিক্ত ওজন দ্রুত কমিয়ে নির্মেদ শরীর গঠনই লিভারের রোগ ঠেকানোর সেরা উপায়।

