Type Here to Get Search Results !

Sweet Potato Showdown : কমলা না বেগনি রাঙাআলু—পুষ্টিগুণে এগিয়ে কে? কোনটা খাবেন কারা

রাতদিন ওয়েবডেস্ক : শীত এলেই বাজার ভরে ওঠে নানা ধরনের কন্দজাতীয় সব্জিতে। গাজর, বিট, মুলো, ওলের পাশাপাশি রাঙাআলুও এই মরসুমে বিশেষ জায়গা করে নেয়। তবে রাঙাআলু কিনতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন কমলা রঙেরটা নেবেন, না কি বেগনি রঙেরটা? পুষ্টিবিদদের একাংশের মতে, রঙের পার্থক্যের সঙ্গে সঙ্গে রাঙাআলুর পুষ্টিগুণেও কিছু তারতম্য রয়েছে। 

তাই প্রশ্ন উঠছে, আদপে কোন রাঙাআলু বেশি স্বাস্থ্যকর?বেগনি রাঙাআলুর বিশেষত্ব তার রঙের মধ্যেই লুকিয়ে। এই রঙ আসে অ্যান্থোসায়ানিন নামের একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট থেকে। এই উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং কোষের ক্ষয় রোধে কার্যকর ভূমিকা নেয়। পাশাপাশি বেগনি রাঙাআলুতে ফাইবারের পরিমাণ তুলনামূলক ভাবে বেশি। ফলে হজমশক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। অ্যান্থোসায়ানিন রক্তনালির কার্যক্ষমতা উন্নত করে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে সাহায্য করে। তাই হার্ট সুস্থ রাখতেও এই রাঙাআলু উপকারী। এ ছাড়া বেগনি রাঙাআলু শরীরে শর্করা ধীরে ধীরে প্রবেশ করায়, ডায়াবিটিসে আক্রান্ত বা রক্তে শর্করা নিয়ে যাঁদের সতর্ক থাকতে হয়, তাঁদের জন্য এটি তুলনামূলক ভাবে ভালো বিকল্প।অন্য দিকে, কমলা রাঙাআলু বিটা ক্যারোটিনে সমৃদ্ধ। এই উপাদান শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। ফলে চোখের স্বাস্থ্য ভালো রাখা, দৃষ্টিশক্তি বজায় রাখা এবং চোখের দুর্বলতা কমাতে কমলা রাঙাআলু বিশেষ উপকারী। পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে সর্দি-কাশি ও সংক্রমণের ঝুঁকি কমাতে এই সব্জির ভূমিকা গুরুত্বপূর্ণ। কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকায় কমলা রাঙাআলু খেলে শরীরে ধীরে ধীরে শক্তি জোগায়, দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং কাজের সময় ক্লান্তি কম লাগে। ত্বক উজ্জ্বল রাখা ও চুলের স্বাস্থ্যের উন্নতিতেও এই রাঙাআলু সহায়ক।সব মিলিয়ে বলা যায়, কোন রাঙাআলু বেশি উপকারী তা নির্ভর করে ব্যক্তিগত প্রয়োজনের উপর। ভিটামিন এ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে কমলা রাঙাআলু ভালো, আর হার্টের স্বাস্থ্য ও অ্যান্টি-অক্সিড্যান্টের উপকার পেতে চাইলে বেগনি রাঙাআলু বেশি কার্যকর। সবচেয়ে ভালো ফল পেতে খাদ্যতালিকায় দুই ধরনের রাঙাআলুই পালা করে রাখাই বুদ্ধিমানের।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad