Type Here to Get Search Results !

Migrant Workers Dead : তামিলনাড়ুর নীলগিরিতে পাহাড় ধসে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের তিন শ্রমিকের

রাতদিন ওয়েবডেস্ক : পরিবারের মুখে অন্ন জোগাতে সুদূর তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন বাংলার তিন ভূমিপুত্র। কিন্তু শনিবারের এক ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিল সব আনন্দ। নীলগিরি জেলার আরুবানকাড়ু এলাকায় একটি নির্মাণকাজ চলাকালীন আচমকা পাহাড়ের একাংশ ধসে পড়লে মাটি চাপা পড়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের। 

মৃতরা হলেন ওবাইদুর রহমান (২৪), হাবিল শেখ (৩৯) এবং নাজিবুল হক (৩৩)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার মাস আগে এক লেবার কন্ট্রাক্টরের অধীনে মুর্শিদাবাদ থেকে সাতজন শ্রমিকের একটি দল তামিলনাড়ু পাড়ি দিয়েছিলেন। তাঁরা নীলগিরি জেলার কুন্নুর এলাকায় থাকতেন এবং সেখান থেকেই প্রতিদিন ওদেনেত্তি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে যেতেন। শনিবার দুপুর আড়াইটে নাগাদ যখন তাঁরা পাহাড়ের গায়ে একটি বাড়ির ‘ফাউন্ডেশন’ বা ভিত তৈরির জন্য মাটি কাটছিলেন, তখনই ঘটে যায় সেই মর্মান্তিক বিপর্যয়। উপর থেকে পাহাড়ের এক বিশাল মাটির স্তূপ তাঁদের ওপর ভেঙে পড়ে।ঘটনার খবর পেয়েই স্থানীয় আরুবানকাড়ু থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জেসিবি মেশিন ব্যবহার করে দীর্ঘক্ষণ মাটি সরানোর পর তিনজনের নিথর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, এই ঘটনায় স্থানীয় এক শ্রমিকও বিপদে পড়েছিলেন। তামিলনাড়ু পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।মৃতদের মধ্যে ওবাইদুর রহমান ও নাজিবুল হকের বাড়ি সুতি থানা এলাকায় এবং হাবিল শেখের বাড়ি সামশেরগঞ্জ থানার কাঁকুড়িয়া গ্রামে। আকস্মিক এই মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। মাত্র কয়েক মাস আগে হাসিমুখে বাড়ি থেকে বিদায় নেওয়া মানুষগুলো যে এভাবে কফিনবন্দি হয়ে ফিরবেন, তা ভাবতেই পারছেন না প্রতিবেশীরা। এলাকা জুড়ে এখন শুধু হাহাকার আর গভীর শোকের ছায়া।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad