রাতদিন ওয়েবডেস্ক: ইরানে কট্টরপন্থী শিয়া ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের শাসনের বিরুদ্ধে জনরোষ তুঙ্গে। সাধারণ মানুষের একাংশ এখন পুরনো রাজতন্ত্র বা রাজশাহি ফিরিয়ে আনার দাবি তুলছেন। বর্তমানে আমেরিকায় নির্বাসিত ইরানি যুবরাজ রেজ়া পহেলভি নিজের ক্ষমতা ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। ইরানে শাহের শাসন ফিরলে ভারতের ওপর তার কী প্রভাব পড়বে তা নিয়ে সাউথ ব্লক চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে।
ভারতের জন্য ঐতিহাসিক তথ্য বলছে, শাহের জমানায় ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। ১৯৬৫ ও ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের সময় তৎকালীন শাহ মহম্মদ রেজ়া পহেলভি সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছিলেন এবং অস্ত্র সহায়তাও দিয়েছিলেন। বর্তমান খামেনেই জমানায় ভারতের সাথে ইরানের সম্পর্ক বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক। কিন্তু যদি ফের শাহের পরিবার ক্ষমতায় ফেরে তবে তারা আগের মতো পাক ঘেঁষা নীতি নেবে কি না তা নিয়ে ভারতের উদ্বেগের কারণ রয়েছে। শাহের জমানা ছিল মূলত মার্কিন পন্থী। বর্তমানে ভারত রাশিয়ার সাথে ঘনিষ্ঠ এবং জোট নিরপেক্ষ অবস্থান বজায় রাখে। ইরানে প্রো আমেরিকান কোনো সরকার এলে ভারতের রাশিয়ার সাথে সম্পর্ক এবং ওই অঞ্চলে ভারতের স্বাধীন বিদেশনীতি চাপের মুখে পড়তে পারে। ইরানে ক্ষমতার পরিবর্তন যদি খামেনেইকে সরিয়ে পহেলভি পরিবারকে ফিরিয়ে আনে তবে ভারতের জন্য তা নতুন এক কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ শাহ পরিবারের পুরনো ইতিহাস দিল্লির জন্য খুব একটা সুখবর ছিল না।

