রাতদিন ওয়েবডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারতে খেলতে না আসার যে দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তুলেছে, তা নিয়ে এখনও পর্যন্ত আইসিসি সরকারি ভাবে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা বিকল্প পরিকল্পনা তৈরি করে রেখেছে বলে খবর। বাংলাদেশের তরফে অনুরোধ করা হয়েছে, তাদের ম্যাচগুলি যেন শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্য দিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়েছে, তারা চাইলে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ়’-এর রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কা বা পাকিস্তান নয়, বাংলাদেশের ম্যাচগুলি শেষ পর্যন্ত ভারতেই আয়োজন করার দিকেই ঝুঁকছে আইসিসি।তবে ভেন্যু হিসেবে কলকাতা ও মুম্বইয়ের পরিবর্তে নতুন দু’টি শহরের কথা ভাবা হচ্ছে। আইসিসির প্রাথমিক তালিকায় রয়েছে চেন্নাই এবং তিরুঅনন্তপুরম। জানা গিয়েছে, এই দুই শহরের ক্রিকেট সংস্থার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে আইসিসি ও বিশ্বকাপের আয়োজক বিসিসিআই।
বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। এর মধ্যেই মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএলে খেলার অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার এখনও কোনও সমাধান হয়নি। তবে যে কোনও দিন এই বিষয়ে আইসিসির সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।সূত্রের খবর, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন—দু’পক্ষই বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম ইতিমধ্যেই বিশ্বকাপের একটি নির্ধারিত কেন্দ্র। সেখানে সম্ভাব্য ভারত-অস্ট্রেলিয়া ‘সুপার এইট’ ম্যাচ-সহ মোট সাতটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। টিএনসিএ কর্তারা জানিয়েছেন, তাঁদের কাছে আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজনেও সমস্যা হবে না।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায়—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইটালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে মুম্বই যাওয়ার কথা। তবে এই সূচিতে পরিবর্তন আসতে পারে বলেই এখন জোর আলোচনা চলছে।
