রাতদিন ওয়েবডেস্ক : চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করিয়েছেন বলে অভিযোগ উঠছে প্রাথমিক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলে শনিবার দিন সকালবেলা স্কুলের সামনে ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকরা।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ে।এরপর খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং স্কুল পরিদর্শক প্রতিনিধিরা আসেন ঘটনাস্থলে। পরবর্তীতে প্রশাসনের তরফ থেকে আশ্বাস পেলে অভিভাবকরা বিক্ষোভ ওঠান। যতদূর জানা যাচ্ছে স্কুলে আসার সময় ওই ছাত্রির জুতোয় ময়লা লেগে যায় এবং পরবর্তীতে অসাবধানতাবশত সেই ময়লা কোন কারণে শিক্ষিকা ত্রিনয়নী সাহা কুন্ডুর জুতোতেও লেগে যায়।
ফলে অভিভাবকরা বলছেন পরবর্তীতে সেই নোংরা জুতো ওই ছাত্রীকে দিয়ে পরিষ্কার করিয়ে নেন শিক্ষিকা। পরে সেই কথা বাড়িতে জানায় ছাত্রী। বিষয়টি জানাজানি হতে অভিভাবকগণ একজোট হয়ে স্কুল ঘেরাও করেন শনিবার সকালবেলা। এরপর তারা বিক্ষোভ শুরু করেন এবং সেই স্কুল শিক্ষিকার সঙ্গে কথা কাটাকাটি হয় অভিভাবকদের। এ বিষয়ে অবশ্য অভিযুক্ত শিক্ষিকা ত্রিনয়নী কুন্ডু জানান, " ছাত্রীর পায়ে লেগে থাকা নোংরা অসাবধানতাবশত আমার জুতোতেও লেগে যায়। সে যখন জুতো ধুতে যাচ্ছিল তখন আমি বলেছিলাম। আমার জুতো তুই পরিষ্কার করে দিস। আমি অনুরোধই করেছিলাম। জোর করে জুতো ধুইয়ে নিয়েছি, এই অভিযোগ ভিত্তিহীন। "

