রাতদিন ওয়েবডেস্ক : ঘূর্ণিঝড় "দানা"র মোকাবেলায় বন্ধ ছিল ট্রেন চলাচল।বৃহস্পতিবার রাত আটটার পর থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত বন্ধ ছিল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। ঘোষণা করা হয়েছিল সকাল ১০ টার পর থেকে চালু হবে এই সকল ট্রেনগুলি। ঠিক সেই কথা মতই শুক্রবার সকাল দশটার পর থেকে স্বাভাবিক হলো লক্ষীকান্তপুর, বারুইপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার এই পথে ট্রেন গুলি।
টানা ১৪ঘণ্টা এই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকার ফলে বর্তমানে এই ট্রেন গুলির গতি এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। এর পাশাপাশি হাসনাবাদ শাখাতেও চালু করা হয়েছে ট্রেন পরিষেবা। এদিন শিয়ালদহ দক্ষিণ শাখার প্রথম ট্রেন শিয়ালদহ সোনারপুর লোকাল চালু করা হয় ১০ টার পর। এরপর ধীরে ধীরে ট্রেন পরিষেবা চালু হয়, প্রত্যেকটি স্টেশনেই। ঠিক একইভাবে হাসনাবাদ শাখাতেও সকাল দশটার আগে ছিল না কোনো রকমের ট্রেন পরিষেবা। তবে কথা মত সকাল দশটার পরই শুরু হয় সমস্ত রুটে ট্রেন চলাচল।

