রাতদিন ওয়েবডেস্ক: জমা জলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা মিলিয়ে রাজ্যের বহু এলাকায় জল জমেছে। কলকাতা সংলগ্ন হাওড়া জেলাতেও জমেছে জল। এবার সেখানেই রাস্তার জমা জলে ভাসতে দেখা গেল মৃতদেহ। হাওড়ার চ্যাটার্জীহাট থানার অন্তর্গত দালাল পুকুর খরকাটা গলিতে জলে পড়ে মৃত্যু হল পুরসভার অস্থায়ী কর্মীর । পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গৌতম চ্যাটার্জী। তিনি হাওড়া পুরসভার অস্থায়ি কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে খবর, এদিন রাস্তার জমা জলে হাওড়া পুরসভার অস্থায়ী কর্মীর দেহ ভাসতে দেখেন এলাকার সাধারণ মানুষ।
ওই দৃশ্য দেখে গা শিউড়ে ওঠে তাঁদের। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি চ্যাটার্জীহাট থানায় জানান। খবর পেয়ে শিঘ্রই চ্যাটার্জীহাট থানার পুলিশ ওই স্থানে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। উল্লেখ্য, দু'দিনের বৃষ্টিতে হাওড়া শহরের অধিকাংশ রাস্তাই জলমগ্ন। যদিও গৌতম চ্যাটার্জীর মৃত্যুর বিষয়টি নিয়ে ধন্দেই রয়েছেন এলাকার সাধারণ মানুষ। এত কম জলে কিভাবে মৃত্যু হল পুরসভার অস্থায়ি কর্মীর, তা খতিয়ে দেখছে পুলিশ । জমা জলে কোন ছেড়া বিদ্যুতের তার পরেছিল কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।

