রাতদিন ওয়েবডেস্কঃ শিনা বোরা হত্যা মামলায় বড় মোড়, জামিন পেলেন ইন্দ্রানী মুখোপাধ্যায়। শিনা বোরা হত্যা মামলা একসময় নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেই শিনা বোরা হত্যা মামলায় এবার চাঞ্চল্যকর মোড়। দীর্ঘ সাড়ে ছয় বছর পর সুপ্রিম কোর্ট (Supreme Court) জামিন দিয়েছে অভিযুক্ত ইন্দ্রানী মুখোপাধ্যায়কে। প্রসঙ্গত, শিনা বোরার মৃত্যুর পর একাধিক তথ্য উঠে এসেছিল। যে তথ্য থেকে জানা গিয়েছিল, পিটার মুখার্জির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ইন্দ্রানী মুখোপাধ্যায়ের আগের সন্তান শিনা বোরার সাথে পিটার মুখোপাধ্যায়ের আগের সন্তান রাহুলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। ইন্দ্রানী এতে বাধা দিতে চাইলেও ব্যর্থ হন তিনি।
এরপর প্রথমে শিনা ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেন এবং তারপর ধীরে ধীরে সমস্ত যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে যায় তাঁর। ইন্দ্রানী জানান, আমেরিকায় পড়াশোনা করতে গেছে শিনা। এরপর ২০১২ সালে রায়গর জেলা থেকে পুলিশ একটি জ্বলে যাওয়া লাশ উদ্ধার করে। তারপর ইন্দ্রানীর ড্রাইভার সমস্ত কৃতকর্ম এবং শীনা বোরা মৃত্যুকাণ্ডের কথা পুলিশকে জানায়। গ্রেফতার হন ইন্দ্রানী মুখোপাধ্যায়। দীর্ঘ সাড়ে ছয় বছর মুম্বাইয়ের বাইকুল্লা জেলে কাটানোর পর অবশেষে জামিন পেলেন তিনি।
শিনা বোরা হত্যা মামলায় বড় মোড়, জামিন পেলেন ইন্দ্রানী মুখোপাধ্যায়। এদিন জেল থেকে বেরিয়ে আসার পর ইন্দ্রাণী বলেন, ‘খোলা আকাশ দেখলাম৷ খুব খুশি আমি৷ এতদিন পর বাড়ি যেতে পারছি৷ এখন কোনও কিছুই পরিকল্পনা করিনি৷ এতদিন জেলে থেকে অনেক কিছুই শিখেছি৷ কোনও সাক্ষাৎকারে সেগুলো নিয়ে কথা বলব৷ তবে এখন বাড়ি যেতে চাই’।
প্রসঙ্গত, তিনি বুধবারই জামিন পেয়ে গিয়েছিলেন৷ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি নাগেশ্বর রাও, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চে ইন্দ্রাণীর জামিন মামলাটি ওঠে। বেঞ্চ জানায়, ট্রায়াল কোর্টে এই মামলার শুনানি হতে আরও অনেক দিন সময় লাগবে। ইতিমধ্যেই ইন্দ্রাণীর কারাবাসের মেয়াদ সাড়ে ছয় বছর হয়ে গিয়েছে। তাঁর বিরুদ্ধে মেয়েকে খুন করার সপক্ষে জোরালো সাক্ষ্যপ্রমাণও মেলেনি। এই অবস্থায় ইন্দ্রাণীকে জেলবন্দি রাখার কোনও অর্থ হয়না। এরপরই তিন বিচারপতির বেঞ্চ জামিনের নির্দেশ দিয়ে জানায়, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রায়াল কোর্ট।

