রাতদিন ওয়েবডেস্ক : রেলপথের আধুনিকীকরণ এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার (১২ এপ্রিল) শিয়ালদহ ও হাওড়া দুই ডিভিশনেই ট্রেন চলাচলে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। তবে সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে হাওড়া ডিভিশনে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় প্রায় ৪০টিরও বেশি লোকাল ট্রেন বাতিল থাকবে।
ছুটির দিনে এই বিপুল সংখ্যক ট্রেন বাতিলের সিদ্ধান্তে চরম ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে রেললাইন সংস্কার, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি এবং ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের পরিকাঠামো মজবুত করতে এবং ভবিষ্যতে ট্রেন চলাচল আরও মসৃণ ও নিরাপদ করতেই এই সাময়িক ভোগান্তি। সাধারণত লোকাল ট্রেনের চাপ কম থাকে বলে রবিবারকেই এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।রেল সূত্রের খবর অনুযায়ী, বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান (মেইন ও কর্ড লাইন), হাওড়া-তারকেশ্বর এবং হাওড়া-শেওড়াফুলি শাখার একগুচ্ছ লোকাল ট্রেন রয়েছে।রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেন বাতিল থাকলেও যাত্রীদের সুবিধার্থে কিছু স্পেশাল ট্রেন চালানো হতে পারে। তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই বাড়ি থেকে বেরোনোর আগে যাত্রীদের লেটেস্ট টাইমটেবিল দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা জরুরি কাজে বা কোনো পরীক্ষা দিতে বেরোবেন, তাঁরা যেন হাতে যথেষ্ট সময় নিয়ে বাড়ি থেকে বেরোন।পরিকাঠামো উন্নয়নের স্বার্থে এই সাময়িক কষ্ট মেনে নিতে অনুরোধ করেছে পূর্ব রেল। তবে অনেক যাত্রীর অভিযোগ, ছুটির দিনেও অনেক মানুষকে কাজের প্রয়োজনে বাইরে বেরোতে হয়, তাই এই বিপুল সংখ্যক ট্রেন বাতিলের সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। রেলের পরামর্শ অনুযায়ী, ট্রেন সংক্রান্ত সঠিক তথ্য জানতে যাত্রীরা জাতীয় ট্রেন অনুসন্ধান ব্যবস্থা বা হেল্পলাইন নম্বর ব্যবহার করতে পারেন।

