রাতদিন ওয়েবডেস্ক : আইপিএল ২০২৬-এর শুরুটা চেন্নাই সুপার কিংসের (CSK) জন্য খুব একটা সুখকর ছিল না। প্রথম তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার ওপর চোটের কারণে দলের ‘থালা’ মহেন্দ্র সিং ধোনি মাঠের বাইরে। কিন্তু ঠিক যখন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ, তখনই রুদ্রমূর্তি ধারণ করলেন দলের নতুন তারকা সঞ্জু স্যামসন।
শনিবার চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকিয়ে চেন্নাইকে মরসুমের প্রথম জয় এনে দিলেন তিনি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একটু দেখেশুনে করলেও সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হয়ে ওঠেন সঞ্জু। প্রথম তিন ম্যাচে মাত্র ২২ রান করা সঞ্জু এদিন ছিলেন অদম্য। ওপেনিংয়ে নেমে আয়ুষ মাত্রের (৫৯) সঙ্গে ১১২ রানের এক বিশাল পার্টনারশিপ গড়েন তিনি। মাত্র ৫২ বলে শতরান পূর্ণ করেন সঞ্জু। শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন তিনি, যার মধ্যে ছিল ১৫টি চার এবং ৪টি বিশাল ছক্কা। সঞ্জুর এই ব্যাটিং তান্ডবে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১২ রানের পাহাড় গড়ে চেন্নাই।২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের শুরুটা ভালো হলেও চেন্নাইয়ের বোলারদের দাপটে তারা খেই হারিয়ে ফেলে। জেমি ওভারটনের ৪ উইকেটের সৌজন্যে দিল্লিকে ১৮৯ রানেই আটকে দেয় চেন্নাই। ২৩ রানের এই জয় পয়েন্ট টেবিলে সিএসকে-কে অক্সিজেন দিল।এই সেঞ্চুরির মাধ্যমে সঞ্জু স্যামসন আইপিএল ইতিহাসের এক অনন্য রেকর্ড গড়লেন। তিনি চতুর্থবার কোনো আইপিএল মরসুমের ‘প্রথম শতরানকারী’ হিসেবে নিজের নাম লেখালেন (২০১৭, ২০১৯, ২০২১ এবং ২০২৬)। এছাড়া চেন্নাইয়ের হয়ে এটিই তাঁর প্রথম শতরান। ধোনির উত্তরাধিকারী হিসেবে যে তাঁকে কেন ১৮ কোটি টাকায় দলে নেওয়া হয়েছে, এদিন তার যোগ্য প্রমাণ দিলেন কেরালার এই কিপার-ব্যাটার।পরবর্তী ম্যাচে মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি হবে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস।

