Type Here to Get Search Results !

Viral Video : ত্রুটিপূর্ণ লিফ্‌টে আটকে দুই শিশু, প্রাণপণ লড়াইয়ে উদ্ধার করল কিশোরী

রাতদিন ওয়েবডেস্ক : ত্রুটিপূর্ণ লিফ্‌টে আটকে পড়তে যাচ্ছিল দুই শিশুকন্যা। ঠিক সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে তাঁদের রক্ষা করল এক কিশোরী। আবাসনের ভিতরে ঘটে যাওয়া এই শ্বাসরুদ্ধকর ঘটনার দৃশ্য ধরা পড়েছে লিফ্‌টের সিসি ক্যামেরায়। সেই ভিডিয়োই এখন সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বহুতলের লিফ্‌টের ভিতরে দাঁড়িয়ে রয়েছে দুই শিশুকন্যা। লিফ্‌টের বাইরে অপেক্ষা করছিল আরও এক ছোট মেয়ে এবং এক কিশোরী। আচমকাই লিফ্‌টের দরজা বন্ধ হতে শুরু করে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই ভিতরে থাকা দুই শিশু বিপদের মুখে পড়তে পারে এই আশঙ্কা থেকেই তৎপর হয়ে ওঠে কিশোরীটি। 

দেখা যায়, দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আগেই সে দ্রুত পা ও হাত দরজার ফাঁকে গলিয়ে দেয়। প্রাণপণ চেষ্টায় দু’হাতে ঠেকিয়ে রাখে দরজাটি, যাতে তা পুরোপুরি বন্ধ না হয়ে যায়। লিফ্‌টটি ত্রুটিপূর্ণ ছিল বলেই অনুমান, কারণ সাধারণত বাধা পেলেই লিফ্‌টের দরজা নিজে থেকেই খুলে যায়। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কিশোরীর চিৎকারে আবাসনের কয়েক জন মহিলা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাও মিলে দরজা আটকে রাখার চেষ্টা করেন। সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত দরজা খোলা রাখা সম্ভব হয়। এরপর কিশোরী নিজেই ভিতরে ঢুকে দুই শিশুকন্যাকে নিরাপদে বাইরে নিয়ে আসে। কয়েক সেকেন্ড পরই লিফ্‌টের দরজা বন্ধ হয়ে যায়। পুরো ঘটনাটি লিফ্‌টের অভ্যন্তরে থাকা সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। সেই ফুটেজ সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে। ‘শ্রীসত্য’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক ও মন্তব্যের সংখ্যা দ্রুত বাড়ছে। নেটাগরিকদের একাংশ যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকেই কিশোরীর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ। 

এক জন লিখেছেন, “লিফ্‌টটি নিশ্চয়ই খারাপ ছিল। সাধারণ লিফ্‌ট বাধা পেলেই খুলে যায়। ভাগ্য ভাল, বড় দুর্ঘটনা এড়ানো গেছে।” অন্য এক জন মন্তব্য করেছেন, “কিশোরীকে স্যালুট। সত্যিই অসাধারণ সাহস দেখিয়েছে। তবে এত ছোট শিশুদের একা লিফ্‌টে ওঠানো উচিত হয়নি।” ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। তবে এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে আবাসনগুলিতে লিফ্‌ট রক্ষণাবেক্ষণ নিয়ে। নিয়মিত পরীক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক থাকলে এ ধরনের বিপজ্জনক পরিস্থিতি অনেকটাই এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে অভিভাবকদের দায়িত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে। ছোট শিশুদের একা লিফ্‌টে ওঠানো কতটা নিরাপদ, তা নিয়ে মতভেদ থাকলেও অধিকাংশের মত, সতর্ক থাকাই শ্রেয়।সব মিলিয়ে, কয়েক সেকেন্ডের উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুই শিশু। অজ্ঞাতপরিচয় সেই কিশোরীর তৎপরতা না থাকলে পরিণতি ভয়াবহও হতে পারত। ঘটনাটি এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad