Type Here to Get Search Results !

Migrant Worker Murdered : মহারাষ্ট্রে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে ‘খুন’, আজ তুমড়াশোলে শোকসন্তপ্ত পরিবারের পাশে অভিষেক

রাতদিন ওয়েবডেস্ক : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আবারও প্রাণ হারালেন বাংলার এক ভূমিপুত্র, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের তুমড়াশোল গ্রামের বাসিন্দা ২৮ বছর বয়সী যুবক সুখেন মাহাতো মহারাষ্ট্রের পুনেতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতে গিয়েছিলেন। পরিবারের অভিযোগ, গত ৯ ফেব্রুয়ারি কাজে বেরোনোর পর আর বাড়ি ফেরেননি সুখেন, পরদিন তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। শোকাতুর পরিবারের দাবি, শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধেই সুখেনকে নৃশংসভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের নিরাপত্তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। 

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু অভিযোগ করেছেন যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে সুপরিকল্পিতভাবে বাঙালিদের টার্গেট করা হচ্ছে। এই আবহে শুক্রবার সকালেই নিহত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে এবং তাঁদের সমবেদনা জানাতে পুরুলিয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে স্থানীয় বিধায়ক রাজীব লোচন সরেন ও জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, বিজেপি এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে। তাঁদের মতে, কেন জেলার যুবকদের কাজের সন্ধানে বাইরে যেতে হচ্ছে, সেই দায় রাজ্য সরকারের। তবে রাজনৈতিক চাপানউতোরের মাঝে এখন গোটা তুমড়াশোল গ্রাম শোকে মূহ্যমান। সুখেনের বাবা ধীরেন মাহাতো দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের তরফ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং অভিষেকের এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে জেলাজুড়ে। স্থানীয় মানুষের দাবি, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad