রাতদিন ওয়েবডেস্ক : বৃহস্পতিবারের দু’টি ম্যাচের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে নতুন করে অক্সিজেন পেয়েছে ভারত। গ্রুপের জটিল সমীকরণ অনেকটাই সহজ হয়েছে। ফলে রবিবার কলকাতার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূর্যকুমার যাদবদের ম্যাচ এখন কার্যত ‘কোয়ার্টার ফাইনাল’। যে দল জিতবে, তারাই পা রাখবে শেষ চারে। হারলেই বিদায়।এই হাইভোল্টেজ ম্যাচ খেলতে শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ চেন্নাই থেকে কলকাতায় পৌঁছচ্ছে টিম ইন্ডিয়া। অন্যদিকে আহমেদাবাদ থেকে ওয়েস্ট ইন্ডিজ দল আসবে তার কিছু পরেই। তবে শহরে পা রেখেই ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর -এর কর্মসূচি একেবারে ঠিক করা।
এবার আসা যাক ম্যাচের অঙ্কে। বৃহস্পতিবার প্রোটিয়াদের জয়ে গ্রুপের সমীকরণ অনেকটাই পরিষ্কার। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে। ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে কে উঠবে, তা নির্ধারিত হবে ১ মার্চ, রবিবার ইডেনের ম্যাচে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সরাসরি লড়াই। জয়ী দল যাবে সেমিফাইনালে, পরাজিত দল ফিরবে দেশে।চাপ যে কতটা, তা বলার অপেক্ষা রাখে না। সূর্যকুমার যাদবদের ব্যাটে রান দরকার, বোলারদের চাই নিখুঁত লাইন-লেন্থ। একই সঙ্গে নকআউটের আগে মানসিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। সেই কারণেই কি মন্দিরে পুজো আর ‘পয়া’ হোটেলে থাকার সিদ্ধান্ত? টিম ম্যানেজমেন্ট অবশ্য এটাকে ব্যক্তিগত বিশ্বাস বলেই দেখছে।ইডেনের দর্শকরাও মুখিয়ে রয়েছেন এই মহারণের জন্য। টিকিট প্রায় শেষ। গ্যালারিতে থাকবে নীলের ঢেউ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ঘরের মাঠে ভারত কতটা দাপট দেখাতে পারে, সেটাই এখন দেখার।সব মিলিয়ে রবিবারের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। নকআউটের আগে মন্দির, পয়া হোটেল— সব কিছুর উপরই আস্থা রাখছেন ‘গুরু’ গম্ভীর। শেষ পর্যন্ত ভাগ্য কতটা সহায় হয়, তা জানা যাবে ইডেনের বাইশ গজেই।
