Type Here to Get Search Results !

Poll Observer Appointed : ভোট ঘোষণার আগেই বিশেষ পর্যবেক্ষক, তৎপর কমিশন বিধানসভা নির্বাচনে নজরদারিতে বাড়তি জোর

রাতদিন ওয়েবডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, তার আগেই পশ্চিমবঙ্গের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল Election Commission of India। কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন কে মিশ্রকে এ রাজ্যের আসন্ন ভোটের জন্য বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।কমিশন সূত্রে জানানো হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। রাজনৈতিক মহলের মতে, সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। তবে তার আগেই প্রস্তুতি পর্বে কোনও খামতি না রাখতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশেষ পর্যবেক্ষক হিসেবে এন কে মিশ্র মূলত এসআইআর প্রক্রিয়া এবং বিধানসভা নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি ও পরিচালনা তদারক করবেন।

নির্বাচন সংক্রান্ত কমিশনের যাবতীয় নির্দেশ সঠিক ভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করাও তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত। প্রয়োজনে তিনি রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলেও জানানো হয়েছে।ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইনের ১৩ সিসি ধারার অধীনে এই নিয়োগ করা হয়েছে। এই ধারাগুলি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশনকে বিশেষ ক্ষমতা প্রদান করে। সেই ক্ষমতার বলেই কমিশন প্রয়োজন মনে করলে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করতে পারে।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন বিশেষ পর্যবেক্ষক। নির্বাচন প্রস্তুতির বিভিন্ন স্তর প্রশাসনিক ব্যবস্থা, আইনশৃঙ্খলা, ভোটকর্মীদের প্রশিক্ষণ, উপকরণ সরবরাহ সব দিকেই নজর রাখবেন তিনি। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, কোনও নির্বাচনী আধিকারিককে সরাসরি শংসাপত্র দেওয়া বা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাঁর নেই। বিশেষ কোনও সুপারিশ থাকলে তা কমিশনের কাছে প্রস্তাব আকারে পাঠাতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনই।উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া চলাকালীনও কমিশন পর্যবেক্ষক ও বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল। তবে নির্বাচনের দিন ঘোষণার আগেই এ ভাবে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই কমিশনের এই পদক্ষেপ বলে প্রশাসনিক মহলের ধারণা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad