রাতদিন ওয়েবডেস্ক : দিল্লিতে আয়োজিত কৃত্রিম মেধা (এআই) সম্মেলনের ফাঁকে একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । স্পেনের প্রেসিডেন্ট পেদ্র সংচেজ এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্বেরই অর্প -র সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকের পর মোদী জানান, ভারত ও ইউরোপের সম্পর্ক আরও গভীর করতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।স্পেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন মোদী। তিনি জানান, দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
নিরাপত্তা, প্রতিরক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে। সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে মোদী লেখেন, ২০২৬ সালকে ভারত–স্পেন ‘সংস্কৃতি, পর্যটন ও কৃত্রিম মেধা বর্ষ’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশাবাদী।প্রধানমন্ত্রী আরও জানান, কয়েকটি স্প্যানিশ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ভারতে আসার আগ্রহ প্রকাশ করেছে। শিক্ষাক্ষেত্রে এই বিনিময় কর্মসূচি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও মত প্রকাশ করেন তিনি। অর্থনৈতিক অংশীদারিত্ব প্রসঙ্গে মোদী বলেন, ভারত–ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে তা স্পেনের সঙ্গেও ভারতের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হয়েছে বলে ঘোষণা করেছিলেন মোদী। তাঁর মতে, এই ঐতিহাসিক চুক্তি ভারত–ইউরোপ সম্পর্কে ‘সুবর্ণ যুগ’-এর সূচনা করতে পারে।বৈঠকের পর পেড্রো স্যাঞ্চেজ়ও এক্স-এ বার্তা দিয়ে জানান, এআই-এর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনার জন্য এমন সম্মেলনের আয়োজন করায় তিনি মোদীকে অভিনন্দন জানিয়েছেন।অন্যদিকে, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্টেরি অর্পোর সঙ্গে বৈঠকেও বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। মোদী জানান, ভারত ও ফিনল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে। এর ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।সব মিলিয়ে, দিল্লির এআই সম্মেলন শুধু প্রযুক্তি আলোচনার মঞ্চই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

