Type Here to Get Search Results !

Historic Dual Vote : ২৯৯ আসনে একযোগে ভোট ও গণভোট, ‘নতুন বাংলাদেশের জন্মদিন’ বললেন ইউনূস

 রাতদিন ওয়েবডেস্ক :  বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে শুরুর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচন কমিশনের (ইসি) তত্ত্বাবধানে সারা দেশের ২৯৯টি আসনে একসঙ্গে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এই ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে এবং একই সময়ে আয়োজন করা হয়েছে।ইসি সূত্রে জানা গিয়েছে, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩২ জন। তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত থাকায় ওই আসনের ৪ লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার এ বার ভোট দিতে পারছেন না।

ফলে কার্যত আজ ভোটাধিকার প্রয়োগ করছেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন।দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট হচ্ছে। শেরপুর-৩ আসনের ১২৮টি কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে; সেখানে পরে নতুন তফসিল ঘোষণা করা হবে। নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল নির্বাচনে অংশ নিয়েছে। মোট প্রার্থী ২ হাজার ২৮ জনএর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন; দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০ জন। বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী রয়েছেন ২৯০ জন। বাকি নয়টি আসনে জোটের শরিকেরা নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক রয়েছে ২২৮টি আসনে; সাতটি আসনে প্রতীক প্রত্যাহারের আবেদন করা হলেও সময়সীমা পেরিয়ে যাওয়ায় তা বহাল থাকে।ভোটকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৯ লাখ ১৯ হাজার ২৮০ সদস্য মাঠে রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার, নৌবাহিনীর ৫ হাজার, বিমানবাহিনীর সাড়ে ৩ হাজার, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫, পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩, র‌্যাবের ৯ হাজার ৩৪৯, আনসারের ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ এবং বিএনসিসির ১ হাজার ৯২২ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রায় ২ হাজার ১০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত কয়েক সপ্তাহে ৮৫০টির বেশি অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে।নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন ৩৯২ জন বিদেশি ও প্রায় ৪৪ হাজার ৯৯৫ জন দেশি পর্যবেক্ষক। প্রায় ৯ হাজার ৭০০ সাংবাদিক নিবন্ধন করেছেন, যাদের মধ্যে বিদেশি প্রায় ১৫৬ জন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একসঙ্গে গণনা করা হবে এবং কেন্দ্রভিত্তিক ফল রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে কমিশনে পাঠানো হবে। অধিকাংশ আসনের ফল মধ্যরাতের মধ্যেই পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।এ দিন সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট দিয়ে তিনি বলেন, এই নির্বাচন দেশের অতীতের “দুঃস্বপ্নময় অধ্যায়” পেছনে ফেলে নতুন পথে এগোনোর সুযোগ তৈরি করেছে। তাঁর ভাষায়, “আজ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া শুরু হল এ যেন আমাদের নতুন জন্মদিন।” তিনি গণভোটকে বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান এবং দিনটিকে জাতির জন্য “মুক্তির দিন” বলে অভিহিত করেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন সবার নজর ফলাফলের দিকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad