রাতদিন ওয়েবডেস্ক : রাজ্যের একের পর এক আদালতে বিস্ফোরণের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার। ই-মেলের মাধ্যমে জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে আদালত চত্বরে বোমা ফাটানো হবে। কলকাতা থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, হুগলি ও মুর্শিদাবাদ একাধিক জেলায় একই ধরনের উড়ো মেল পৌঁছয় বিচারকদের কাছে। সঙ্গে সঙ্গে আদালত চত্বর ফাঁকা করে তল্লাশি শুরু করে পুলিশ।পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালত সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মুখ্য বিচারকের ই-মেলে হুমকি বার্তা আসে। সেখানে দাবি করা হয়, আদালত চত্বরে বিস্ফোরক রাখা হয়েছে এবং দুপুর ১টার মধ্যে তা ফাটানো হবে। খবর পেয়ে তড়িঘড়ি আদালত চত্বর খালি করা হয়। পুলিশকুকুর ও বোম্ব স্কোয়াড নিয়ে শুরু হয় তল্লাশি।
ঘটনাস্থলে পৌঁছন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস-সহ শীর্ষ পুলিশ আধিকারিকেরা।কিছুক্ষণের মধ্যেই একই ধরনের হুমকি পৌঁছয় কলকাতার নগর ও দায়রা আদালত এবং ব্যাঙ্কশাল কোর্টে। আতঙ্কে এজলাস ছেড়ে বাইরে বেরিয়ে যান বহু আইনজীবী ও সাধারণ মানুষ। দুর্গাপুর আদালতেও একই পরিস্থিতি তৈরি হয়। তবে সব জায়গাতেই দীর্ঘ তল্লাশির পর সন্দেহজনক কিছু মেলেনি বলে পুলিশ জানিয়েছে।হুগলির চুঁচুড়া আদালতেও জেলা জজের কাছে ই-মেলে আরডিএক্স বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি জানানো হয় পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চ। মেটাল ডিটেক্টর ও অন্যান্য সরঞ্জাম নিয়ে তল্লাশি চালানো হয় আদালতের ভিতর ও প্রবেশপথে।
সেখানেও কিছু উদ্ধার হয়নি।ঘটনার প্রেক্ষিতে রাজ্য প্রশাসন নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে। সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জানান, বিচারকদের নিরাপত্তায় কোনও খামতি রাখা হবে না। ডিজিপি পীযূষ পাণ্ডে বলেন, পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার জানান, হুমকি ই-মেলগুলির উৎস খুঁজে বার করতে সাইবার সেল সক্রিয় হয়েছে।উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকদের একাংশ বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজে যুক্ত। এই হুমকি-মেলের সঙ্গে সেই প্রক্রিয়ার কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের প্রাথমিক অনুমান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই ই-মেল পাঠানো হয়েছে। তবু ঝুঁকি না নিয়ে সব আদালতেই বিস্তৃত তল্লাশি চালানো হয়েছে। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

