রাতদিন ওয়েবডেস্ক : সুপার এইট পর্বে শনিবার ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে অহমদাবাদে যে মাঠে ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলে ফেলেছে প্রোটিয়ারা। তুলনায় ভারত সেখানে খেলেছে মাত্র একটি ম্যাচ। ফলে মাঠের পরিস্থিতি সম্পর্কে বেশি অভিজ্ঞতা থাকায় দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে থাকবে বলেই মনে করছেন দলের পেসার করবিন বশ।
বশ জানিয়েছেন, অহমদাবাদের পিচ ও পরিবেশ সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভারতের বিরুদ্ধে কৌশল সাজানো হবে। তাঁর কথায়, ভারতীয় দলে একাধিক ম্যাচজেতানো ক্রিকেটার রয়েছেন, তাই আলাদা করে কাউকে লক্ষ্য না করে পুরো ব্যাটিং লাইনআপের জন্যই পরিকল্পনা করা হচ্ছে।তিনি আরও বলেন, ভারতের আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে হবে। প্রত্যেক ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা তৈরি করা হচ্ছে।দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে রয়েছেন কাগিসো রাবাডা, লুনগি এনগিডি ও মার্কো জানসেনের মতো তারকা বোলাররা। তাঁদের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে খেলছেন বশ। সম্প্রতি আমিরশাহির বিরুদ্ধে তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
বিশ্বমানের বোলারদের সঙ্গে খেলতে পেরে নিজের উন্নতি হয়েছে বলেও স্বীকার করেছেন বশ। তাঁর মতে, দল হিসেবে একসঙ্গে পরিকল্পনা করাই দক্ষিণ আফ্রিকার শক্তি। ব্যক্তিগত চাপ নয়, বরং সম্মিলিত দায়িত্ববোধ নিয়েই তারা ভারতের বিরুদ্ধে নামতে প্রস্তুত।
