রাতদিন ওয়েবডেস্ক : হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও এক নতুন চমক আনতে চলেছে মেটা। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে শিগগিরই যুক্ত হতে পারে ফেসবুক বা লিঙ্কডইনের মতো কভার ফটো ব্যবহারের সুবিধা। প্রযুক্তি বিষয়ক একাধিক সূত্রের দাবি, এই নতুন প্রোফাইল ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক স্তরে রয়েছে এবং ভবিষ্যতে তা সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হতে পারে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বরাবরই ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার দিকে নজর রাখে। সেই লক্ষ্যেই নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করা হয়। এবার প্রোফাইল কাস্টমাইজেশনের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। প্রোফাইল ছবির পাশাপাশি কভার ফটো যুক্ত হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ, ব্যক্তিত্ব বা মনের ভাব আরও সুন্দরভাবে তুলে ধরতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বর্তমানে কভার ফটো ব্যবহারের সুবিধা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই সীমাবদ্ধ। তবে নতুন এই আপডেট চালু হলে সাধারণ ইউজাররাও সেই সুবিধা পাবেন।
জানা যাচ্ছে, আইওএস ও অ্যান্ড্রয়েড দু’ধরনের স্মার্টফোনেই এই ফিচার আনার পরিকল্পনা রয়েছে। যদিও কবে নাগাদ তা সবার জন্য চালু হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি মেটা।এই ফিচারের পাশাপাশি হোয়াটসঅ্যাপে আরও কিছু নতুনত্ব যোগ হওয়ার ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ স্টেটাসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ফিচার যুক্ত করার কাজও চলছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্টেটাসে দেওয়ার ছবি সরাসরি অ্যাপের মধ্যেই এডিট করতে পারবেন। এতদিন ছবি এডিটের জন্য আলাদা অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করতে হত, কিন্তু নতুন আপডেট এলে সেই ঝামেলা কমবে।এআই-চালিত এই এডিটিং টুলস ব্যবহার করে ছবির রং, আলো কিংবা বিভিন্ন ক্রিয়েটিভ এফেক্ট সহজেই যোগ করা যাবে বলে জানা গিয়েছে।
শুধু ছবি নয়, ভবিষ্যতে স্টেটাসের জন্য আরও আধুনিক ও আকর্ষণীয় ফিচার আসতে পারে বলেও ইঙ্গিত মিলছে।সব মিলিয়ে বলা যায়, হোয়াটসঅ্যাপকে আরও বেশি সোশাল নেটওয়ার্কিংমুখী করে তুলতেই এই নতুন উদ্যোগ। যদিও আপাতত সবই রয়েছে পরীক্ষামূলক পর্যায়ে, তবে ব্যবহারকারীদের কৌতূহল ও প্রত্যাশা ইতিমধ্যেই বেড়ে গিয়েছে।
