রাতদিন ওয়েবডেস্ক : রাজ্যে শীত বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। আজ থেকে উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার দাপট কমায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ থেকে শীতের আমেজ কমতে শুরু করবে।
আকাশ প্রধানত পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে ভোরে এবং রাতে হালকা শীত অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে গরম বাড়বে।উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে এখনও কনকনে ঠান্ডা বজায় রয়েছে। তবে ডুয়ার্সসহ নিচের দিকের জেলাগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মহানগরে শীতের দাপট অনেকটাই কমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে না, তবে বেলা বাড়লে রোদের তেজ অনুভূত হবে।শীত কমলেও কুয়াশার দাপট এখনই কমছে না। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
