রাতদিন ওয়েবডেস্ক : ইন্ডাস্ট্রির অন্দরে নতুন করে জোর চর্চা ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়িতে ফের দেখা যেতে পারে শাহরুখ খানকে। বহুদিন ধরেই এই জনপ্রিয় চরিত্রে তাঁর প্রত্যাবর্তন নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। সাম্প্রতিক গুঞ্জন বলছে, সম্ভাবনাটি আর একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি বাদশা নাকি প্রাথমিক ভাবে রাজিও হয়েছেন।
তবে একটি বিশেষ শর্ত রেখেছেন তিনি।গত বছর ‘ডন ৩’ ছবির ঘোষণা হওয়ার পর থেকেই নানা জল্পনা শুরু হয়। প্রথমে জানা গিয়েছিল, এই ছবিতে মুখ্য চরিত্রে থাকবেন রণবীর সিংহ। কিন্তু সাম্প্রতিক খবরে উঠে এসেছে, নায়ক নাকি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইন্ডাস্ট্রির অন্দরে নতুন করে আলোচনা শুরু হয় তাহলে কি আবার শাহরুখ খানই ফিরছেন পরিচিত ‘ডন’ রূপে?ঘনিষ্ঠ সূত্রের দাবি, শাহরুখ খান এই ছবিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন। তাঁর ইচ্ছা, ‘ডন ৩’-এর পরিচালনার দায়িত্ব কোনও দক্ষিণী পরিচালকের হাতে তুলে দেওয়া হোক।
শোনা যাচ্ছে, শাহরুখের পছন্দের তালিকায় রয়েছেন পরিচালক অ্যাটলী। নায়কের মতে, দক্ষিণী পরিচালকের সংযুক্তি হলে ছবির ভাবনা ও উপস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে। যদিও ‘ডন’ ও ‘ডন ২’-এর পরিচালক ফারহান আখতার এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।অন্যদিকে, ছবির অভিনেত্রী নির্বাচন নিয়েও জল্পনা চলছে। প্রথমে কিয়ারা আডবাণীর নাম শোনা গেলেও, এখন খবর তিনি নাকি ছবিটি থেকে সরে গিয়েছেন।
তাঁর জায়গায় দেখা যেতে পারে কৃতি সেননকে এমনই ইঙ্গিত মিলছে ইন্ডাস্ট্রির অন্দরে।রণবীর সিংহ কেন সরে গেলেন, তা নিয়েও নানা আলোচনা চলছে। ঘনিষ্ঠ মহলের দাবি, একের পর এক গ্যাংস্টার ঘরানার ছবিতে অভিনয় করতে আগ্রহী নন অভিনেতা। তাছাড়া সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’ নিয়ে যে প্রশংসা তিনি পাচ্ছেন, তার পরেই ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত হতে চাননি তিনি। যদিও এই সব নিয়েই এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। ফলে ‘ডন ৩’ ঘিরে রহস্য ও অপেক্ষা দু’টিই বাড়ছে।
