রাতদিন ওয়েবডেস্ক : রাজ্যে দু’জন নিপা আক্রান্তের হদিস মেলার পর সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। জনস্বাস্থ্য আধিকারিকদের মতে, এই ভাইরাস করোনার মতো বাতাসে দ্রুত ছড়ায় না এবং মানব শরীরের বাইরে এর পরমায়ু মাত্র পাঁচ মিনিট থেকে দুই ঘণ্টা। চড়া রোদে এটি দ্রুত নিষ্ক্রিয় হয়ে যায়।
মূলত আক্রান্ত ব্যক্তির লালারস বা হাঁচি-কাশির ড্রপলেট থেকেই এই সংক্রমণ ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পাঁচ সদস্যের চিকিৎসক দল একটি নতুন নির্দেশিকা বা গাইডলাইন জারি করেছে, যেখানে আক্রান্ত ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের জন্য ২১ দিনের আবশ্যিক কোয়ারেন্টাইন কথা বলা হয়েছে।স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাঁরা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন, তাঁদের নিখুঁতভাবে শনাক্ত করে নজরদারিতে রাখা হচ্ছে। এমনকি যাঁদের শরীরে কোনো উপসর্গ নেই, কিন্তু আক্রান্তের সংস্পর্শে ছিলেন, তাঁদেরও ২১ দিন আলাদা থাকতে হবে।
স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন দু’বার করে ফোনে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন। চিকিৎসকদের মতে, শুধুমাত্র আক্রান্তের সঙ্গে দীর্ঘ সময় এক ঘরে কাটানো ব্যক্তিরাই সংক্রমণের ঝুঁকিতে থাকেন, তাই সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই।তবে নিপা রুখতে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বাদুড় বা অন্য পশুর কামড়ানো ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে। খেজুর রস, পেয়ারা বা লিচু খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। এই সময়ে রাস্তার কাটা ফল এড়িয়ে চলাই ভালো, কারণ তা থেকে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি থাকে। সঠিক সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে সহজেই এই ভাইরাস ঠেকানো সম্ভব বলে আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা।
