রাতদিন ওয়েবডেস্ক : নগদকাণ্ডে অভিযুক্ত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বর্মা তাঁর বিরুদ্ধে গঠিত সংসদীয় তদন্ত কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে,কমিটির কাজ আইন মেনেই এগোবে।২০২৫ সালের মার্চ মাসে বিচারপতি যশবন্ত বর্মার দিল্লির সরকারি বাসভবনে আগুন লাগে। আগুন নেভানোর সময় দমকলকর্মীরা সেখান থেকে কোটি কোটি টাকার পোড়া নোট উদ্ধার করেন। এরপরই দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং তাঁকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা যখন এই তদন্ত কমিটি গঠন করেন তখন কিছু পদ্ধতিগত ত্রুটি ছিল।
তাঁর দাবি ছিল, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তাঁর ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ করে দেওয়া সত্ত্বেও লোকসভায় কেন তদন্ত কমিটি গড়া হলো। তিনি আরও দাবি করেন যে, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং কোনও টাকা উদ্ধার হয়নি। শীর্ষ আদালত বিচারপতির এই যুক্তি গ্রহণ করেনি। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, স্পিকারের তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়ায় কোনও আইনি ভুল নেই। এই কমিটি এখন বিচারপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত জারি রাখবে এবং খুব দ্রুত তাদের রিপোর্ট জমা দেবে।।এই কমিটির রিপোর্ট যদি বিচারপতির বিরুদ্ধে যায়, তবে সংসদে তাঁর ইমপিচমেন্ট বা অপসারণের প্রক্রিয়া শুরু হবে। যেহেতু শাসক দল এবং বিরোধী দল উভয় পক্ষই এই বিষয়ে একমত, তাই বিচারপতি বর্মার পদ হারানোর সম্ভাবনা আরও জোরালো হলো।

