রাতদিন ওয়েবডেস্ক : ‘বর্ডার ২’ ছবিতে বরুণ ধবনের অভিনয় ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সম্প্রতি ছবির একটি গান মুক্তি পেয়েছে, যা দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও বরুণের অভিনয় নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে তাঁর অভিব্যক্তি ও পর্দায় উপস্থিতি নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিং চলছে। এই সমালোচনার মাঝেই উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ ইচ্ছাকৃতভাবে নাকি অভিনেতার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে।
এই অভিযোগ সামনে এনেছেন নেটপ্রভাবী থারা ভাই যোগিন্দর। শনিবার একটি ভিডিয়ো বার্তায় তিনি দাবি করেন, বরুণ ধবনের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে একটি প্রচার চলছে। তাঁর কথায়, কিছু ব্যক্তি ও গোষ্ঠী সমাজমাধ্যমে বরুণের অভিনয়কে খারাপ প্রমাণ করার জন্য ভিডিয়ো বানাতে প্রভাবশালীদের কাছে প্রস্তাব দিচ্ছে। এমনকি, বরুণ ধবনের অভিনয় নিয়ে নেতিবাচক মন্তব্য করলে মোটা অঙ্কের পারিশ্রমিকের টোপও দেওয়া হচ্ছে।যোগিন্দরের দাবি, তাঁর কাছেও এমন একটি প্রস্তাব এসেছিল। বলা হয়েছিল, বরুণ ধবনের বিরুদ্ধে নেতিবাচক ভিডিয়ো বানালে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলেই জানিয়েছেন। শুধু তাই নয়, ভবিষ্যতে আবার এমন প্রস্তাব এলে তিনি পুলিশে অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওই নেটপ্রভাবী। যোগিন্দরের মতে, ‘বর্ডার ২’ একটি দেশাত্মবোধক ছবি, যা ভারতীয় সেনাদের কাহিনি নিয়ে তৈরি। সেই ধরনের ছবিকে কেন্দ্র করে ইচ্ছাকৃত নেতিবাচক প্রচার কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।এই বিতর্কে এর আগে মুখ খুলেছিলেন ছবির প্রযোজক নিধি দত্তও। সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছিলেন, একদিকে দেশাত্মবোধক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন একজন অভিনেতা, অন্যদিকে তাঁকে পরিকল্পিতভাবে হেয় করার চেষ্টা চলছে। এমন প্রচারকে তিনি ‘দেশদ্রোহী মানসিকতা’র সঙ্গে তুলনা করেন। তবে প্রযোজকের আশা, শেষ পর্যন্ত দর্শকরাই সত্য বুঝবেন এবং এই ধরনের নেতিবাচক প্রচারের জবাব দেবেন।সব মিলিয়ে, ‘বর্ডার ২’ ঘিরে এই অভিযোগ ও পাল্টা প্রতিক্রিয়া নতুন করে প্রশ্ন তুলছে সমালোচনা আর উদ্দেশ্যপ্রণোদিত ট্রোলিংয়ের সীমারেখা ঠিক কোথায়?

