রাতদিন ওয়েবডেস্ক : বাংলাদেশে আওয়ামী লীগের নেতা ও নব্বইয়ের দশকের প্রখ্যাত সংগীতশিল্পী প্রলয় চাকি (৬০) কারা হেফাজতে মারা গেছেন। গতকাল রাত আনুমানিক ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।প্রলয় চাকি পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি পাবনা জেলা কারাগারে আটক ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন।পাবনা জেলা কারাগার সুত্রে জানা যায়, শুক্রবার প্রলয় চাকির হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় কারা কর্তৃপক্ষ আরও জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।তবে প্রলয় চাকির পরিবার ও সহকর্মীরা কারা কর্তৃপক্ষের অবহেলা এবং যথাযথ চিকিৎসার অভাবের অভিযোগ তুলেছেন। তার ছেলে সনি চাকি বলেন, গ্রেপ্তারের সময় তার বাবার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। পরে তাকে ২০২৪ সালের ৪ আগস্টের জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত একটি বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।উল্লেখ্য, প্রলয় চাকি নব্বইয়ের দশকের একজন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ছিলেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি একজন খ্যাতিমান কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া তিনি পাবনার শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
