রাতদিন ওয়েবডেস্ক : পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের বেলডাঙা। ঝাড়খণ্ডে এক শ্রমিকের রহস্যমৃত্যুর ঘটনার প্রতিবাদে শুক্রবার থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শনিবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ ঝাড়খণ্ড থেকে উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ তাঁকে পিটিয়ে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে দেহ গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। দোষীদের শাস্তির দাবিতে বেলডাঙায় ১২ নম্বর জাতীয় সড়ক এবং রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা বেলডাঙা স্টেশন সংলগ্ন রেলগেট ভেঙে দেন এবং সিগন্যালিং ব্যবস্থায় ভাঙচুর চালান। এর ফলে শিয়ালদহ লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। ভাগীরথী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি সামাল দিতে শনিবার দুপুরে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ময়দানে নামে। বিক্ষোভকারীদের সরাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং টিয়ার শেল ছুঁড়তে হয়। পুলিশ সুপার জানিয়েছেন সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যেই মূলচক্রী মতিউর রহমান সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার খবর সংগ্রহ করতে গিয়ে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হয়েছেন একাধিক সংবাদমাধ্যমের কর্মীরা। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে। পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী রুটমার্চ করছে। পরিস্থিতি আপাতত পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও রেল গেট ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং সিগন্যালিং ব্যবস্থার সমস্যার কারণে ট্রেন চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

