রাতদিন ওয়েবডেস্কঃ সপ্তাহ শেষে স্বস্তিতে সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের গতকালের সিদ্ধান্তের পর এক ধাক্কায় কমল দেশে পেট্রোল-ডিজেলের দাম। গতকাল রাতে পেট্রোল-ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি ছাড়ের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তারপর আজ সকাল থেকেই দেশের চার মহানগরী সহ একাধিক জায়গায় কমেছে পেট্রোল-ডিজেলের দাম। অবশেষে দেশে পেট্রোল-ডিজেলের দাম কমায় স্বস্তিতে সাধারণ মানুষ।
অনেক দ্রব্যের দামই পেট্রোল-ডিজেলের দামের ওপর নির্ভর করে। এছাড়াও পরিবহনের খরচ নির্ভর করে পেট্রোল-ডিজেলের দামের ওপর। পেট্রোল-ডিজেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে। পরিবহন খরচ আবার সরাসরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামের সঙ্গেও সম্পর্কিত। নিত্যব্যবহার্য বিভিন্ন সামগ্রী যেমন চাল-ডাল-আটা-নুন-তেলের দাম নির্ভর করে জ্বালানির দামের ওপর। দেশে এতদিন যে পরিস্থিতি চলছিল, তাতে ব্যাপকভাবে বাড়ছিল একাধিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। মুদ্রাস্ফীতির জ্বালায় নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। এখন দেখার পেট্রোল-ডিজেলের দাম কমলে এই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কমে কিনা।
সপ্তাহ শেষে স্বস্তিতে সাধারণ মানুষ। একনজরে দেখে নেওয়া যাক, দেশের কোন শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম কত রয়েছে :
কলকাতায় (kolkata) পেট্রোল-ডিজেলের দাম - আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম ৯২.৭৬ টাকা প্রতি লিটার। এতদিন কলকাতায় পেট্রোল বিক্রি হচ্ছিল ১১৫.১২ টাকায়। এক্সাইজ ডিউটিতে ছাড় পাওয়ায় একলাফে ৯ টাকা কমেছে পেট্রোল-ডিজেলের দাম।
দিল্লিতে (Delhi) পেট্রোল-ডিজেলের দাম - দেশের রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা। লিটার প্রতি ডিজেল ৮৯.৬২ টাকা। ৪৫ দিন পর দিল্লিতে বদল এল জ্বালানির দামে।
মুম্বাইয়ে (Mumbai) পেট্রোল-ডিজেলের দাম - দেশের বাণিজ্যনগরী মুম্বাই শহরে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল। লিটার প্রতি পেট্রোলের দাম ১১১.৩৫ টাকা। লিটার প্রতি ডিজেল ৯৭.২৮ টাকা।
চেন্নাইয়ে পেট্রোল-ডিজেলের দাম - এক্সাইজ ডিউটিতে ছাড়ের পর দক্ষিণ ভারতে জ্বালানির দামের প্রকোপ কমেছে। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা। লিটার প্রতি ডিজেল ৯৪.২৪ টাকা।

