Type Here to Get Search Results !

Tech Update : ইমোজি লিখলেই মিলবে স্টিকার, হোয়াটসঅ্যাপে আসছে নতুন সুবিধা

 রাতদিন ওয়েবডেস্ক : হোয়াটসঅ্যাপে স্টিকার সেভ করা নেই এমন মানুষ খুঁজে পাওয়া এখন প্রায় অসম্ভব। অনেক সময় এমন কিছু অনুভূতি থাকে যা লেখা বা বলা কঠিন হয়ে পড়ে। সেই জায়গায় স্টিকার পাঠিয়ে সহজেই নিজের মনের ভাব প্রকাশ করা যায়। রাগ, আনন্দ, দুঃখ বা যে কোনও মজার প্রতিক্রিয়া জানাতে স্টিকারের ব্যবহার এখন খুবই জনপ্রিয়।

তবে সমস্যা তৈরি হয় তখনই, যখন স্টিকারের তালিকা অনেক বড় হয়ে যায়। চ্যাট করার সময় সঠিক স্টিকার খুঁজতে নিচে অনেকটা স্ক্রল করতে হয়। এতে সময়ও নষ্ট হয়। এই সমস্যার সমাধান আনতেই নতুন একটি সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।মেসেজিং অ্যাপটির নতুন আপডেটে ব্যবহারকারীরা কিবোর্ডে শুধু ইমোজি টাইপ করলেই তার সঙ্গে মানানসই স্টিকারের পরামর্শ দেখতে পাবেন। অর্থাৎ, কোনও ইমোজি লিখলেই সেই ইমোজির সঙ্গে মিল থাকা স্টিকারগুলো স্বয়ংক্রিয়ভাবে সামনে চলে আসবে।বর্তমানে এই সুবিধাটি হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে যুক্ত হয়েছে। আইফোন ব্যবহারকারীরা চ্যাটে ইমোজি টাইপ করা মাত্রই প্রাসঙ্গিক স্টিকার দেখতে পাবেন। এর ফলে আর আলাদা করে বিভিন্ন স্টিকার প্যাক ঘেঁটে স্টিকার খুঁজতে হবে না।উদাহরণ হিসেবে ধরা যাক, কেউ যদি প্রিয়জনের সঙ্গে চ্যাটে ভালোবাসা প্রকাশ করতে চান, তাহলে হার্ট ইমোজি টাইপ করলেই ভালোবাসা বা স্নেহ প্রকাশ করা স্টিকারগুলো সামনে চলে আসবে। আবার বন্ধুদের সঙ্গে মজার আড্ডার সময় হাসির ইমোজি টাইপ করলে সেই অনুযায়ী মজার স্টিকার দেখাবে। আরও বেশি স্টিকার দেখতে চাইলে “শো মোর রেজাল্ট” অপশনে ট্যাপ করলেই অতিরিক্ত স্টিকার দেখা যাবে।

হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, নতুন এই সুবিধা সব আইফোন ব্যবহারকারীর কাছে পৌঁছতে কয়েক দিন সময় লাগতে পারে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচার কবে চালু হবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।এদিকে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই একটি পেইড সাবস্ক্রিপশন পরিষেবাও চালু করতে পারে হোয়াটসঅ্যাপ। যার নাম হতে পারে “হোয়াটসঅ্যাপ প্লাস”। এই পরিষেবা অ্যান্ড্রয়েড এবং আইওএস— দুই ধরনের ব্যবহারকারীদের জন্যই আনা হতে পারে।যাঁরা এই সাবস্ক্রিপশন নেবেন, তাঁরা কিছু অতিরিক্ত সুবিধা পাবেন। যেমন— একসঙ্গে সর্বোচ্চ ২০টি চ্যাট পিন করে রাখা, অ্যাপের থিম পরিবর্তন, রঙ কাস্টমাইজ করা এবং ভিন্ন ভিন্ন অ্যাপ আইকন বেছে নেওয়ার সুযোগ। পাশাপাশি এক্সক্লুসিভ রিংটোন এবং নোটিফিকেশন সাউন্ড ব্যবহারের সুবিধাও মিলতে পারে।তবে যাঁরা অতিরিক্ত টাকা খরচ করতে চান না, তাঁদের জন্যও চিন্তার কিছু নেই। কলিং, গ্রুপ চ্যাট, ছবি ও ফাইল শেয়ারিং-সহ হোয়াটসঅ্যাপের আগের সমস্ত পরিষেবাই আগের মতো বিনামূল্যে ব্যবহার করা যাবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad