রাতদিন ওয়েবডেস্ক : বিহার থেকে কলকাতায় আসার পথে চলন্ত বাসে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়না, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ জানুয়ারি বিকেলে বিহারের কাটিহার জেলার বাসিন্দা সন্দীপ কুমার তাঁর স্ত্রীকে নিয়ে কলকাতায় আসছিলেন।
তাঁরা মহাজাতি সদন রুটের একটি বাসে ওঠেন। বাসযাত্রার সময়েই সন্দীপের স্ত্রীর ব্যাগ থেকে চুরি যায় একাধিক সোনার গয়না। বাস থেকে নেমে তাঁরা দেখতে পান ব্যাগটি উধাও। ব্যাগের মধ্যে ছিল সোনার দু’টি চুড়ি, একটি হার ও একটি ব্রেসলেট। পাশাপাশি ছিল ২৫ হাজার টাকা নগদ এবং আসল আধার কার্ডসহ প্রয়োজনীয় নথি।ঘটনার পরই ওই দিন গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সন্দীপ কুমার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা ও গোপন সূত্রের সাহায্যে তদন্ত এগোয়।
তদন্তে উঠে আসে, চুরি যাওয়া সোনার গয়নাগুলির মোট ওজন প্রায় ৫৩ গ্রাম।পুলিশের তৎপরতায় গত ৩০ জানুয়ারি আসানসোলের বাসিন্দা পিঙ্কি রায় (২৬) নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে পুলিশের। তার দেখানো পথেই সন্দীপ কুমারের স্ত্রীর চুরি যাওয়া গয়না, নগদ টাকা এবং নথিপত্র উদ্ধার করা সম্ভব হয়।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণীকে আগামী ৫ ফেব্রুয়ারি আদালতে পেশ করা হবে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। চলন্ত বাসে যাত্রীদের সতর্ক থাকারও বার্তা দিয়েছে পুলিশ প্রশাসন।

