Type Here to Get Search Results !

Ranbir Security Controversy : রোহিতের ঘটনার পর কড়াকড়ি, রণবীরের আবাসনে প্রতিবেশীদের অসন্তোষ

 রাতদিন ওয়েবডেস্ক : পরিচালক রোহিত শেট্টীর বাড়িতে সাম্প্রতিক গুলিকাণ্ডের পরেই বলিউড অভিনেতা রণবীর সিংহ হুমকিবার্তা পেয়েছেন বলে খবর। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তের হদিস মেলেনি, তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এই অতিরিক্ত নিরাপত্তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।সংবাদসূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের ওরলির এক অভিজাত আবাসনে স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে থাকেন রণবীর।

হুমকির ঘটনার পর সেখানে অভিনেতার জন্য ছ’জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং এক জন উর্দিধারী পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। প্রত্যেক নিরাপত্তারক্ষীর কাছেই রয়েছে আগ্নেয়াস্ত্র। আর তাতেই আপত্তি তুলেছেন আবাসনের একাংশ বাসিন্দা।প্রতিবেশীদের দাবি, আবাসনের ভিতরে এ ভাবে সশস্ত্র নিরাপত্তারক্ষীর উপস্থিতি অন্য আবাসিকদের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। বহুতলটির মধ্যে জিম, শিশুদের খেলার জায়গা এবং সাধারণ চলাচলের করিডর রয়েছে। সেই সব জায়গায় আগ্নেয়াস্ত্রধারী নিরাপত্তাকর্মীদের উপস্থিতি অনেকের কাছেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু ও প্রবীণদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েক জন বাসিন্দা।এই পরিস্থিতিতে আবাসন কর্তৃপক্ষ দাদর থানায় একটি চিঠি পাঠিয়েছে বলে জানা গিয়েছে। চিঠিতে জানতে চাওয়া হয়েছে, অতিরিক্ত নিরাপত্তা কি প্রশাসনের তরফে দেওয়া হয়েছে, না কি অভিনেতার ব্যক্তিগত উদ্যোগে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীদের কাছে বৈধ লাইসেন্স রয়েছে কি না, সে বিষয়েও স্পষ্টীকরণ চাওয়া হয়েছে।খবর, আবাসিকদের উদ্বেগের প্রেক্ষিতে দাদর থানার এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ইতিমধ্যেই আবাসনে পাঠানো হয়েছে। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।পুলিশ সূত্রে ইঙ্গিত, হুমকির অভিযোগকে গুরুত্ব দিয়েই তদন্ত চলছে। একই সঙ্গে নিরাপত্তা এবং আবাসিকদের স্বস্তি দুই দিকই বিবেচনায় রেখে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে তারকা-নিরাপত্তা বনাম সাধারণ আবাসিকদের স্বাভাবিক জীবনযাপন এই টানাপোড়েন আপাতত বিতর্কের কেন্দ্রেই রয়ে গেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad