রাতদিন ওয়েবডেস্ক : শহরতলিতে ভাড়াবাড়ি নিয়ে রমরমিয়ে।চলছিল জাল নোট ছাপানোর কারবার। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে সেই জালনোট চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সোনারপুরের রাজপুর এলাকায় হদিশ মিলেছে একটি মিনি জাল নোট কারখানার। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় প্রথমে পাটুলি এলাকা থেকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের তল্লাশি করে উদ্ধার হয় কয়েক হাজার টাকার জাল নোট। অলোক নাগ ওরফে বাপি সোনারপুরের বাসিন্দা। অয়ন নাগ ওরফে বিকি অলোকের সহযোগী ও স্থানীয় বাসিন্দা। শ্যাম বাবু পাসোয়ান খড়দহ ও টিটাগড় এলাকার বাসিন্দা। ভাড়াবাড়িতে কী কী মিল ধৃত অলোক ও অয়নকে জেরা করে এসটিএফ আধিকারিকরা জানতে পারেন সোনারপুরের রাজপুর এলাকায় একটি ভাড়াবাড়িতে তারা কারখানাটি গড়ে তুলেছিল। বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। ৩টি অত্যাধুনিক স্ক্যানার কাম রঙিন প্রিন্টার।
নিরাপত্তা বৈশিষ্ট্য নকল করার জন্য ৯টি বিশেষ সবুজ চকচকে কলম এবং নোট তৈরির উন্নত মানের কাগজ। ২২,০০০ টাকা আসল নগদও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরা আসল নোট স্ক্যান করে সেগুলিকে হুবহু নকল করার চেষ্টা করত। উদ্ধার হওয়া নোটগুলোর গুণমান বেশ উন্নত ছিল। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাদের আগামী ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই চক্রের সঙ্গে আর কোনো বড় মাথার যোগ রয়েছে কি না বা কোথায় কোথায় এই জালনোট সরবরাহ করা হতো তা খুঁটিয়ে দেখছেন গোয়েন্দারা।

