রাতদিন ওয়েবডেস্ক : ২০ অক্টোবর হাওড়ার বাসিন্দা অশোকবাবু তাঁর ভাই, ভাইঝি এবং তার দুই মেয়ে ও জামাইকে নিয়ে গিয়েছিলেন দার্জিলিং বেড়াতে। বুধবার দিন তাঁদের ফেরার কথা ছিল। ফিরে আসার আগের দিন অর্থাৎ মঙ্গলবার বিকেলে সপরিবারে তিনি যান দার্জিলিং সংলগ্ন লামাহাটায়। ঠিক সেখানেই ঘটে বিপত্তি। পাহাড় থেকে নামার সময় অসাবধানতাবশত পাহাড় থেকে পড়ে যান অশোকবাবু। এরপর তাঁরই পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে চলে আসেন দার্জিলিং সদর হাসপাতালে। সেখানে হাসপাতাল থেকে অশোকবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়।
এরপর অশোক বাবুর জামাই সুব্রত সাধুখাঁ জানান, "উনি সবার আগে পাহাড়ে ফুলের বাগান দেখতে ওঠেন। আমরা যখন বাগান দেখতে উঠছি তখন আমার শ্বশুরমশাই বাগান দেখে নিচে নামছেন। সাবধানে নামার কথাও বলি। কি করে পড়ে গেলেন সেটা বুঝলাম না। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান শ্বশুরমশাই আর বেঁচে নেই।"এ বিষয়ে জিটি এর ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান বলেন, " বেড়াতে এসে এমন মৃত্যু দুর্ভাগ্যজনক। তবে জিটি এর পক্ষ থেকে পরিবারটির ফেরার ব্যাপারে সমস্ত রকম ভাবে সাহায্য করা হয়েছে।"

