বর্তমানে বঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোট। কিছুমাস আগে থেকে একের পর এক ইস্যুতে রাজ্যে ক্রমাগত বিরোধীদের তোপের মুখে শাসক দল। চলছে অভিযোগ, পাল্টা – অভিযোগ এর ঢিল ছোড়াছুড়ি। এরই মাঝে এবার রাজ্যের দুর্নীতি ইস্যুতে শাসকদলকে বিধলেন মিঠুন চক্রবর্তী।
সম্প্রতি মিঠুনের বক্তব্য, দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা অন্যদিকে এসবের পরেও হুঁশ ফিরছে না বাংলার মানুষের। যা নিয়ে এদিন হতাশাও প্রকাশ করতে দেখা যায় তাকে। প্রসঙ্গত গতকাল ৫ দিনের সফরে রাজ্যে এসেছেন মিঠুন চক্রবর্তী। ৫ দিনে, ৫ জেলায় সাংগঠনিক সভা করবেন তিনি। তার সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এছাড়াও সূত্রের খবর আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রচারেই তার বাংলার মাটিতে পা। গতকাল কলকাতা বিমানবন্দরে পা রেখে তিনি জানান, দলের সভাপতির নির্দেশে এসেছেন, কর্মসূচী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘যা করব সবাই জানতে পারবেন , লুকিয়ে কিছু করব না।’ মহানগরীতে পা রেখেই বিভিন্ন ইস্যুতে সরকারকে তীব্র কটাক্ষের সুরে বিধলেন তিনি । মিঠুন বলেন, “বাংলার ইমেজ এখন ফাটাফাটি। সব জিনিস টপ গিয়ারে চলছে। দুর্নীতিতে নম্বর ওয়ান। হিংসায় নম্বর ওয়ান। এখন বাংলাকে হারানো মুশকিল আছে।” মিঠুনের দাবি, একটা সময় ছিল যখন বাঙালি বলে গর্ববোধ করা যেত। এখন কিছু বললে সকলে হাসে।
