রাতদিন ওয়েবডেস্ক: আজ থেকে টানা তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। শনিবার বিকেল হতেই শহর কলকাতা কালো মেঘে ঢেকে যায়। আচমকাই ঝড়-বৃষ্টি শুরু হয় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড়-বৃষ্টিতে প্রাণ গিয়েছে ৩ জন ব্যক্তির, ভেঙেছে ঘর-বাড়ি। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর ধীরে ধীরে প্রবেশ করছে মৌসুমী বায়ু। এর ফলে রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্প। যে কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।
শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত। কোথাও কোথাও হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিপাত হবে কলকাতায়। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ থেকে টানা তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। পাশাপাশি, আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। গতকালের থেকে আজ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা যাচ্ছে। বুধবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হবে। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাত, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
এই বছর সময়ের আগেই রাজ্যে প্রবেশ করতে পারে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পেরিয়ে ক্রমশ অগ্রসর হচ্ছে। ৬ দিন আগেই আন্দামান সাগরে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আরব সাগর, দক্ষিণ মালদ্বীপ সহ দক্ষিণ বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এছাড়াও মায়ানমার সংলগ্ন অঞ্চলে তৈরি হয়েছে নিম্নচাপ। যা ক্রমশ সরে গিয়ে থাইল্যান্ড ও মায়ানমার সংলগ্ন এলাকায় শক্তি হারাতে পারে। এছাড়াও কর্নাটকে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।

