Type Here to Get Search Results !

Vicky Kaushal: ব্যারাকপুরে ভিকি কৌশল, কড়া নিরাপত্তায় চলছে ‘স্যাম বাহাদুর’ ছবির শুটিং



শহরে বলিউড স্টার ভিকি কৌশল। নতুন ছবির শুটিংয়ের জন্য এদিন ব্যারাকপুরে সেনা ছাউনিতে আসেন বলিউডের এই খ্যাতনামা অভিনেতা। রাত্রে চলেছে শুটিংয়ের কাজ। প্রায় শতাধিক ক্রু মেম্বার নিয়ে ব্যারাকপুর আর্মি বেস ক্যাম্প বাংলোয় 'স্যাম বাহাদুর'-এর সেট তৈরি করা হয়েছে।
জানা গিয়েছে, ব্যারাকপুরের সেনা ছাউনিতে পরিচালক মেঘনা গুলজারের ছবি স্যাম বাহাদুর এর শ্যুটিং করতেই আসেন অভিনেতা ভিকি কৌশল। সোমবারই কলকাতায় এসেছেন ভিকি। আর তার পরই এদিন সিনেমার শুটিংয়ের জন্য ব্যারাকপুরের সেনা ছাউনিতে পা রাখেন তিনি। অভিনেতার শুটিং ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ব্যারাকপুর সেনা ছাউনি চত্বর। 
একবার অভিনেতাকে চোখের দেখা দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন রাস্তার ধারে। তবে বলিউড স্টারের দেখা এখনও কেউ পাননি স্থানীয় বাসিন্দারা। ক্যান্টনমেন্ট এলাকার ভেতরে শুটিং হওয়ার কারণেই সেভাবে নজরে আসছে না বলেই জানান স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর, ২২ থেকে ২৪ নভেম্বর ব্যারাকপুর সেনা অফিসারের বাংলোয় ছবির কিছু দৃশ্যের শুটিং করবেন ভিকি। সেই বাংলোর ভিতরেই সেট বানিয়ে নানা রকমের আলোর ব্যবহার করেই চলবে শুটিং। টানা কয়েক দিন এখানে থেকেই শুটিং করতে পারেন ভিকি বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী শেষ দিনের শ্যুটিং হওয়ার কথা রয়েছে কলকাতার ফোর্ট উইলিয়ামে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad